ভুক্তি সংখ্যা

৪০৯ টি

শব্দ খুঁজুন...
  • অকর্তব্য– বিশেষণ, ১ যা কর্তব্য নয়; করার অনুপযুক্ত; অননুষ্ঠেয়; অকাজ; অকার্য; অকরণীয়। ২ করা উচিত নয় এমন; অনুচিত। ৩ যার কর্তব্য নেই; ক্রিয়াহীন; কূটস্থ চৈতন্য। পদান্তর: বিশেষ্য– অকর্তব্যতা। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কর্ত্তব্য। কৃ–করা + তব্য (ভাববাচ্যে)–করণ-যোগ্য।
  • অকর্তব্যতা– বিশেষ্য, কর্তব্যবিরুদ্ধতা; যা করা উচিত নয়, তা করার অনুচিততা; ন্যায়নীতি ও নৈতিকতার পরিপন্থিতা; অন্যায় বা অনৈতিক আচরণের দোষ। ব্যুৎপত্তি: সংস্কৃত অ + কর্তব্য + তা। প্রয়োগ: ১ ন্যায় বিরুদ্ধতা – ‘বহুবিবাহের অকর্ত্তব্যতা বিষয়ে … এক পত্র লিখিয়াছিলাম।’ – অক্ষয়কুমার দত্ত, ১৮৪২।
  • অকর্তব্যবুদ্ধি– বিশেষ্য, যা করা কর্তব্য বা উচিত নয়, সে বিষয়ে বিবেচনাবোধ; অনুচিত কাজ থেকে বিরত থাকার বুদ্ধি; কর্তব্যবিরোধী কাজের অনৌচিত্য উপলব্ধির ক্ষমতা। ব্যুৎপত্তি: সংস্কৃত অ + কর্তব্য + বুদ্ধি। প্রয়োগ: ১ করা অনুচিত এমন বিবেচনা-বুদ্ধি – ‘অকর্তব্যবুদ্ধি মানুষের একটা মহদ্গুণ।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯২৮।
  • অকর্তা– বিশেষণ, ১ যে কর্তা নয় (কে কর্তা কে অকর্তা বুঝি না); কর্তৃভিন্ন; অপ্রভু। ২ যে কিছু করে না; অকারক; কর্তৃত্বহীন। ৩ নিষ্ক্রিয়, ক্রিয়াহীন। ৪ অনির্মাতা। ৫ অপ্রধান। ৬ (ব্যাকরণে) কর্তৃকারক ভিন্ন অন্য কারক। ৭ সাংখ্যপুরুষ। ৮ কর্তৃভিন্ন জন; কর্তা ভিন্ন অন্যজন; সহকারী কর্তা। ব্যুৎপত্তি: সংস্কৃত অ-কর্ত্তৃ > ন + √কৃ + তৃ; ন = অ + কর্তা। লিঙ্গান্তর: স্ত্রীলিঙ্গ– অকর্ত্রী।
  • অকর্তুত– বিশেষণ, কর্তৃত্বহীন; যার কর্তৃত্ব বা কর্তৃত্ব করার অধিকার নেই; কর্তৃত্ববিহীন। ব্যুৎপত্তি: সংস্কৃত অকর্তৃত্ব >। প্রয়োগ: ১ কর্তৃত্বহীন – ‘তিনি কি প্রথিবীর রাজারে করিতে ও অধোম অর্তুত …।’ – দোম আন্তোনিয়ো দো রোজারিয়ো, ১৭৪৩।
  • অকর্তৃক– বিশেষণ, অক্রিয়; কর্মে বা কার্যসম্পাদনে অক্ষম; নিষ্ক্রিয়। ব্যুৎপত্তি: সংস্কৃত অ + কর্তৃক। প্রয়োগ: ১ অক্রিয় – ‘সেই দূরত্ববশত সে অকর্তৃক হয়ে উঠেছে।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯৩৬।
  • অকর্তৃত্ব– বিশেষ্য, ১ কর্তৃত্বহীনতা; প্রাধান্যহীনতা; কর্তৃত্বের অভাব; অপ্রভুত্ব। ২ কর্তৃত্বাভিমানরাহিত্য; কর্তৃত্বের অহংকারহীনতা। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কর্তৃ + ত্ব।
  • অকর্ম– বিশেষ্য, ১ অপকর্ম; অকার্য; অকাজ; গর্হিত কাজ; কুকার্য; কুকাজ; অপকর্ম; অপ্রশস্ত কর্ম; দুষ্কৃত; অবৈধ কর্ম। ২ কর্মাভাব; কর্মের অভাব; অক্রিয়া; নিষ্ক্রিয়তা; ক্রিয়াহীনতা; অবিহিতব্যাপার। ৩ কর্মাকরণ; হীনকর্ম; দ্যূতাদি (একের কথা অন্যকে বিক্রি করা)– মহাভারত)। ৪ [গীতা] কর্মাকরণ; কর্মের অকরণ; কর্মরাহিত্য; কর্মসন্ন্যাস; কর্মত্যাগ বা বিসর্জন। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কর্ম্মন্ (√ কৃ + মন্)। কথ্য অকম্মো। প্রয়োগ: ১ অবৈধ কর্ম – ‘অকর্ম জাহিলি কার্যে নরকতে পড়ে।’ – আলাওল, ১৬৮০। ২ খারাপ কাজ – ‘এমত অকর্ম মাও কৈলা কি কারণ।’ – সৈয়দ সুলতান, ১৭০০। ৩ অবৈধ কর্ম – ‘কোন অকর্ম্ম করিলে তাহার দণ্ড … নাই।’ – সমাচার দর্পন, ১৮২১। ৪ অপকর্ম – সম ধর্ম্মাধর্ম্ম, সম কর্ম্মাকর্ম্ম, শত্রুমিত্র সমতুল। – ভারতচন্দ্র রায়গুণাকর। ৫ কর্মত্যাগ – জীবন্মুক্ত সন্ন্যাসীর কর্ম্মও নাই অকর্ম্ম ও নাই।
  • অকর্মক– (ব্যাকরণ) যে ক্রিয়াপদের কর্মপদ থাকে না; কর্মপদহীন; Intransitive (অকর্মক ক্রিয়া—যাওয়া, মরা ইত্যাদি)। বিশেষণ, ১ যার কর্ম নাই; কর্মহীন; কর্মশূন্য; যে কর্ম করছে না; কর্মরহিত; বেকার। ২ কার্যরহিত; নির্ব্যাপার। ৩ কর্মে অনুপযুক্ত। ব্যুৎপত্তি: সংস্কৃত অকর্মন্ + ক; ন = অ (নাই) কর্ম্মন্ (কর্ম্ম) যার + ক; নঞ্‌ বহুব্রীহি সমাসান্ত ক (কপ্); স্ত্রী. অকর্মিকা।
  • অকর্মকাণ্ড– বিশেষ্য, ১ অপকর্মের ঘটা; অন্যায় বা মন্দ কাজের ব্যাপক আয়োজন। ২ অনুচিত, অনৈতিক বা নিন্দনীয় কাজের সমষ্টি; কুকর্মের কাণ্ড; দুষ্কর্ম। ৩ বিশৃঙ্খল বা অনভিপ্রেত কাজকর্ম; এমন কাণ্ডকারখানা যা বিরক্তি, ক্ষোভ বা নিন্দার উদ্রেক করে। ৪ অনর্থকর বা দায়িত্বজ্ঞানহীন কাজের প্রকাশ; বোকামি বা অবিবেচনাপ্রসূত আচরণের বহিঃপ্রকাশ। ব্যুৎপত্তি: সংস্কৃত অকর্মন্ (অ + কর্মন্, অকর্ম—অনুচিত কর্ম) + কাণ্ড (√কন্ দীপ্তি + ড-ক, কাণ্ড—ঘটনা, বিষয় বা কাজের সমষ্টি)।
  • অকর্মকৃৎ১– যে অন্যায় বা নিষিদ্ধ কাজ করে। বিশেষণ, কুকর্মকারক; কুকর্মকারী; কুকৃতী; দুর্বৃত্ত; দুষ্কর্মকারী; দুষ্কৃতকারী; দৃষ্কৃতী। ব্যুৎপত্তি: সংস্কৃত অ + কর্মন্ + √কৃ + ক্বিপ্; কুকর্ম করে যে; উপপদ তৎপুরুষ সমাস। এখানে ‘অকর্ম্মন্’ উপপদ এবং √কৃ ধাতুর সঙ্গে ক্বিপ্ প্রত্যয় যুক্ত হয়েছে।
  • অকর্মকৃৎ২– যে কোন কর্ম করে না বা কর্মে প্রবৃত্ত হয় না। বিশেষণ, যে কর্মকৃত নয় অর্থাৎ কর্ম করে না; কর্মহীন; নিষ্ক্রিয়; নির্ব্যাপার; কর্মবিমুখ। প্রয়োগ: ১ কর্মহীন – ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্ম্মকৃৎ। অর্থাৎ কেউ কখন এক মুহূর্তের জন্যও কর্ম না করে থাকতে পারে না। – গীতা। ব্যুৎপত্তি: সংস্কৃত অ (নঞ্) + কর্ম + কৃৎ; যে কর্ম করে না; নঞ্ তৎপুরুষ। এখানে ‘অ’ নঞর্থক উপসর্গ নয়, নঞ্ সমাসের পূর্বপদ।
  • অকর্মঠ– বিশেষণ, ১ অকর্মক্ষম; অকর্মণ্য। ২ অলস; কুঁড়ে। ব্যুৎপত্তি: সংস্কৃত অ + কর্ম্ম + ঠ (স্থ—শক্তি, কুশল)। টীকা: সংস্কৃত কর্ম্ম + ঠ (কর্তৃবাচ্য) ক্ষমতার্থে—উভয় দৈহিক এবং কৌশল জ্ঞান সম্বন্ধে। ‘থ’র কঠোর ও দৃঢ়তর রূপ ‘ঠ’। সংস্থা >; স্থান ও থাকা বোধক, সুতরাং কর্মে স্থিতি জ্ঞাপক। কিন্তু শক্তি ও কৌশল জ্ঞান না থাকলে স্থান অধিকার করা যায় না। তাই কর্মঠ অর্থে কর্মক্ষম। প্রয়োগ: ১ কর্মক্ষম নয় এমন – ‘স্ত্রৈণ, অকর্ম্মঠ দশাপ্রাপ্ত হইয়া শেষে মুসলমান-হস্তে লুপ্ত হইলেন।’ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ১৮৯২।
  • অকর্মণ্য– যে লোক কোন কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম; অথবা, যে বস্তু কোন কাজে লাগে না। বিশেষণ, ১ যে কর্মণ্য বা কর্মক্ষম নয়; কর্মে অসমর্থ; অকুশল; কর্মের অযোগ্য; যার কর্ম করার ক্ষমতা নেই; কর্মক্ষম নয় এমন; অপটু; অকেজো। ২ বৈধ কর্মে অপ্রশস্ত বা নিষিদ্ধ; শাস্ত্রীয় ক্রিয়ায় অবিহিত। ৩ অকেজো; অব্যবহার্য; যে বস্ত কোন কাজেই লাগে না; অচল; বিকল; ব্যবহারের অযোগ্য। পদান্তর: বিশেষ্য, অকর্মণ্যতা—কর্মে অযোগ্যতা বা অপটুতা। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কর্ম্মণ্ + য; নঞ্ তৎপুরুষ, স্ত্রীলিঙ্গ অকর্মণ্যা। প্রয়োগ: ১ সক্রিয় নয় এমন বঙ্গদূত – ‘অকর্ম্মণ্য মধুমক্ষিকা সঞ্চিয় মক্ষিকার সহিত চাকে থাকি ...।’ – বঙ্গদূত, ১৮২৯। ২ অনুর্বর – ‘জলসেচনের দ্বারা অকর্ম্মণ্য ভূমিকে কর্ম্মণ্যকরণ।’ – সমাচার দর্পণ, ১৮৩৫। ৩ বিকল – ‘ঐ জাহাজ এইক্ষণে অকর্ম্মণ্য হইয়াছে।’ – সমাচার দর্পণ, ১৮৩৮। ৪ ব্যবহারের অযোগ্য – ‘তদ্ভিন্ন, গণিতবিদ্যাসংক্রান্ত আর যে সকল যন্ত্র ছিল, তাহাও অত্যন্ত অপকৃষ্ট ও অকর্ম্মণ্য!’ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ১৮৪৯। ৫ কর্মক্ষম নয় এমন – ‘আমার শৃঙ্গ যেমন দৃঢ়, তেমনই সুন্দর; কিন্তু, আমার পা দেখিতে অতি কর্দয্য ও অকর্ম্মণ্য।’ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ১৮৫৬। ৬ কর্তব্যকর্ম করতে অক্ষম – ‘দুই শত অহিফেনসেবী অকর্মণ্য সৈন্য ফেরত পাঠাইতে হইয়াছিল।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৮১। ৭ উপযোগিতাবর্জিত – ‘একটা অকর্মণ্য কারুকার্য পাইলে আর কিছু চাহে না।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৯২। ৮ কর্মবিমুখ – ‘আমরা কুনো অকর্মণ্য।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৯৩। ৯ আলস্যপূর্ণ – ‘এরকম অকর্মণ্য দশা ভালো লাগে না।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৯৫। ১০ অকেজো – ‘সে ক্রমাগত রোগে ভুগিয়া এক প্রকার অকর্ম্মণ্য হইয়া পড়িয়াছে।’ ১১ অসমর্থ – ‘এই অকর্ম্মণ্য হাতীটাকে দূর করিয়া দাও।’ – শিশুশিক্ষা, তৃতীয় ভাগ, মদনমোহন তর্কালঙ্কার। ১২ কর্মের অযোগ্য – ‘পরস্পরের স্বভাব-পরীক্ষায় যে বিবেক ও ধৈর্য্যের প্রয়োজন, তাহা ঐ সময়ে অকর্ম্মণ্যপ্রায় থাকে…।’ – পারিবারিক প্রবন্ধ, ভূদেব মুখোপাধ্যায়। ১৩ নিষিদ্ধকর্ম – ‘অকর্ম্মণ্যং তিথিমলং বিদ্যাদেকাদশীং বিনা।’ – তিথ্যাদিতত্ত্ব।
  • অকর্মণ্যতা– বিশেষ্য, অক্ষমতা, অযোগ্যতা; কর্মে অযোগ্যতা বা অপটুতা। বিশেষণ: অকর্মণ্য। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কর্মণ্য + তা। প্রয়োগ: ১ অকক্ষমতা – ‘আমাদের অহংকার আমাদের অকর্মণ্যতার পৃষ্ঠপোষক।’ – প্রমথ চৌধুরী, ১৯১৪। ২ কর্মহীনতা – ‘অলস অকর্মণ্যতার অতিরিক্ত ভদ্র পেশা যাদের আছে আঙুরে গুনিয়া ফেলা যায়।’ – মাণিক বন্দ্যোপাধ্যায়, ১৯৩৬।
  • অকর্মভোগ– বিশেষ্য, ১ কর্মফল ভোগ হতে অব্যাহতি বা মুক্তি। ২ বৃথা কষ্ট না পাওয়া; বৃথা শ্রম হতে নিষ্কৃতি লাভ। ৩ [অকর্ম্ম-ভোগ] কুকর্ম্ম বা দুষ্ক্রিয়ার ফলভোগ। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ-কর্ম্ম + ভোগ; কৃতকর্মের ফলভোগ, (হিন্দুমতে) যে কারণ জীব বার বার সংসারে জন্মগ্রহণ করে।
  • অকর্মা১– বিশেষণ, ১ কোন কাজের নয় এমন; যে কোন কর্ম সম্পন্ন করতে পারে না; কোন কর্মের নয়; যে কোন কাজেই লাগে না। ২ কর্মহীন; যার কর্ম নেই; কর্মরহিত; নির্ব্যাপার; নিষ্কর্মা। ৩ অলস; জড়; নিরুদ্যম; জড়প্রকৃতি। ৪ কার্যাক্ষম; অপটু; অকর্মণ্য; কর্মবিমুখ। ৫ (ব্যাকরণ) কর্মপদহীন; অকর্মক; যাতে কর্ম থাকে না; মোক্ষ। ৬ পাপ বা পুণ্য কর্ম যার নেই; ফলভোগার্থ কর্মহীন। প্রয়োগ: বিশেষণ, ১ কর্মবিমুখ; অলস – তোমারি তুলনা তুমি চাঁদ অকর্ম্মার ধাড়ি। – দ্বিজেন্দ্রলাল রায়। ২ পাপ-পুণ্যহীন – তনয় অকর্ম্মা থাকে, বাক্য নাহি সরে। ভোগ না সমাপ্তি হ’তে কেন সেই মরে॥ – মহাভারত, কাশীদাস। পদান্তর: বিশেষ্য, অকর্মণ্য—অকর্মণ্য ব্যক্তি। ব্যুৎপত্তি: মূল সংস্কৃত অকর্ম্মন্ প্রথমা, একবচন; বহুব্রীহি সমাস। ন = অ + কর্ম্মন্ > অকর্ম্মা > অকর্মা। গ্রাম্য অকম্মা।
  • অকর্মা২– বিশেষণ, অপকর্মকারী; নিন্দনীয় কর্মকারী; কুক্রিয়াকারী; কুকর্মকারী; অন্যায়কারী; অপ্রশস্তকর্মা; কুকর্মান্বিত; দুষ্কৃতী; স্বেচ্ছাচারী। প্রয়োগ: বিশেষণ, ১ অপকর্মকারী – যে মূঢ় বিয়সমত্ত, অকর্ম্মা না বুঝে তত্ত্ব, তোমা ভজিবারে করে হেলা। – জগৎমঙ্গল। ব্যুৎপত্তি: সংস্কৃত অ (অপকৃষ্ট) + কর্ম্ম + আ (কর্তৃত্বার্থে)।
  • অকর্মান্বিত– বিশেষণ, ১ কার্যরত নয়; কর্মহীন; নিষ্কর্মা; বেকার; unemployed. ২ অকার্যে রত; দুষ্কর্মান্বিত। লিঙ্গান্তর: স্ত্রীলিঙ্গ, অকর্মান্বিতা। ব্যুৎপত্তি: সংস্কৃত, ন = অ-কর্ম্ম (দ্বারা) অন্বিত (যুক্ত); তৃতীয়া নঞ্ তৎপুরুষ— যে কর্মে যুক্ত নয়।হিন্দু ধর্ম জানুন
  • অকর্মার ধাড়ি– বিশেষ্য, [বাগধারা] নিতান্ত অলস ব্যক্তি; যে ব্যক্তি আলস্যহেতু কাজ পণ্ড করে; অলসপ্রধান; অত্যন্ত কুঁড়ে; অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি। প্রয়োগ: ১ অলস – তোমার তুলনা তুমি চাঁদ অকর্ম্মার ধাড়ি। – দ্বিজেন্দ্রলাল রায়।
  • অকর্মার শেষ– বিশেষ্য, [বাগধারা] চুড়ান্ত অকর্মা; অলসচূড়ামণি; অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি।
  • অকর্মিষ্ঠ– বিশেষণ, ১ অকর্মেরত; কুকর্মরত। ২ অকর্মণ্য। ব্যুৎপত্তি: সংস্কৃত ন (অ) + কর্মিন্ + ইষ্ঠ। স্ত্রীলিঙ্গ: অকর্মিষ্ঠা।
  • অকলঙ্ক– বিশেষণ, ১ যার কলঙ্ক নেই; অনিন্দ; বেদাগ; শুভ্র; কলঙ্কশূন্য; কলঙ্কহীন; নির্মল; নির্দোষ; কলঙ্করহিত; লাঞ্ছনহীন। ২ অপবাদহীন; নির্দোষ। ৩ অনবদ্য; সুন্দর; কমনীয়। প্রয়োগ: বিশেষণ, ১ কলঙ্কহীন – খঞ্জন গঞ্জন আঁখি অকলঙ্ক শশিমুখী, শিরোরুহ অসিত চামর। – কবিকঙ্কণ চণ্ডী। ২ কলঙ্কহীন – তুমি অকলঙ্ক বিধু; অকলঙ্ক নামে তব কলঙ্ক রটিবে – কবিকঙ্কণ চণ্ডী।। ৩ কমনীয় – অকলঙ্ক হাস্যমুখে ... ঘুমাইতে কার অঙ্কটিতে – চয়নিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। ৪ দাগহীন – খঞ্জন গঞ্জন আঁখি অকলঙ্ক শশিমুখী, শিরোরুহ অসিত চামর। – কবিকঙ্কণ চণ্ডী। বিশেষ্য: অকলঙ্কিত; (স্ত্রীলিঙ্গে) অকলঙ্কিতা। স্ত্রীলিঙ্গ: অকলঙ্কা। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ (নাই) কলঙ্ক (দাগ, চিহ্ন, দোষ) যার—নঞ্ বহুব্রীহি সমাস।
  • অকলঙ্কিত– বিশেষণ, কলঙ্কিত বা দূষিত নয় এমন, নির্মল। স্ত্রীলিঙ্গ: অকলঙ্কিতা। ব্যুৎপত্তি: সংস্কৃত অ (নাই) - কলঙ্ক + ইত।হিন্দু ধর্ম জানুন
  • অকলঙ্কী– বিশেষণ, যে কলঙ্কী নয়; কলঙ্কহীন; নিষ্কলঙ্ক; সাধু; নির্দোষ; নির্মল (‘অকলঙ্কী চাঁদ’) স্ত্রীলিঙ্গ: অকলঙ্কিনী। ব্যুৎপত্তি: সংস্কৃত মূলশব্দ অলঙ্কিন্; অ (নাই) - কলঙ্ক + ইন্ (অস্ত্যার্থে); নঞ্ তৎপুরুষ। প্রয়োগ: বিশেষণ, ১ কলঙ্কহীন – অকলঙ্কী করব তারে... নতুন চতুরালি ক’রে... শাস ননদী দেখবে ফিকির মোর। – রাজকৃষ্ণ রায়।
  • অকলুষ– বিশেষ্য, নিষ্পাপ; নির্দোষ; কলুষ বা দোষ বা মল বা পাপের অভাব।। বিশেষণ, ১ অকলুষিত; নিষ্পাপ; নির্দোষ। ২ অকলুষিত (স্ত্রী অকুলষিতা; মালিন্যহীন। ব্যুৎপত্তি: সংস্কৃত, ন (নাই) - কলুষ।
  • অকলুষিত– বিশেষণ, দোষযুক্ত বা মালিন্যযুক্ত নয় এমন, নির্দোষ; অমলিন (অকলুষিত মন)। ব্যুৎপত্তি: সংস্কৃত অ (নাই)- কলুষ + ইত।
  • অকল্ক– বিশেষণ, ১ যাতে কল্ক নেই; নির্মল; মলহীন। ২ [কল্ক = পাপ] অপাপ; নিষ্পাপ; পাপহীন। ৩ [কল্ক = অহঙ্কার] নিরহঙ্কার; অহঙ্কারহীন; যার অহঙ্কার নেই; দম্ভহীন; দম্ভরহিত; বীতদম্ভ; অগর্ব। স্ত্রীলিঙ্গ: অকল্কা — জ্যোৎস্না [বিরল]। সংস্কৃত ন = অ-কল্ক (কাইট, মল, পাপ, অহঙ্কার); নঞ্ বহুব্রীহি।
  • অকল্প– বিশেষণ, ১ অসমর্থ; অক্ষম; দুর্বল। ২ অধীর; কাতর; অভিভূত। প্রয়োগ: বিশেষণ, ১ অভিভূত – স্নেহাদকল্পঃ কৃপণঃ কৃপণাং পর্যদেবয়ৎ – শ্রীমদ্ভাগবত। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ - কল্প; নঞ্ তৎপুরুষ।
  • অকল্পন– বিশেষ্য, ১ অনুচিত চিন্তা; মন্দ মতলব। ২ চিন্তার অভাব। বিশেষণ: অকাল্পনিক। ব্যুৎপত্তি: সংস্কৃত অ (অপ্রশস্ত, অনুদার)-কল্পন (চিন্তা)।
  • অকল্পনা– বিশেষ্য, ১ অনুচিত চিন্তা; মন্দ মতলব। ২ চিন্তার অভাব।। ৩ সংস্কৃত, অ (অপ্রশস্ত, অনুদার)-কল্পনা (চিন্তা)। বিশেষণ: অকাল্পনিক।
  • অকল্পিত– বিশেষণ, ১ যা কল্পনাসিদ্ধ নয়; যা কল্পনাকৃত নয়; যা কল্পিত বা মনগড়া নয়; যা কল্পনা সৃষ্ট নয়; অকৃত্রিম; অরচিত; স্বাভাবিক; প্রকৃত। ২ সত্য; যথার্থ। ৩ যা কল্পনাও করা যায়নি এমন। স্ত্রীলিঙ্গ: অকল্পিতা। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ-কল্পিত (কৃতকল্পনা, কল্পনাসিদ্ধ); নঞ্ তৎপুরুষ সমাস।
  • অকল্মষ– বিশেষণ, যার কল্মষ অর্থাৎ পাপ নেই; অপাপ; নিষ্পাপ (অকল্মষ চরিত্র); নির্দোষ। ব্যুৎপত্তি: সংস্কৃত, ন =অ + কল্মষ; নঞ্ বহুব্রীহি সমাস; স্ত্রীলিঙ্গে অকল্মষা।
  • অকল্য– বিশেষণ, ১ অসুস্থ; পীড়িত; রোগী। ২ অসমর্থ। ৩ সত্য। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কল্য (সুস্থ) যে; বহুব্রীহি; কল্য নয় যা নঞ্ তৎপুরুষ; স্ত্রীলিঙ্গ, অকল্যা [বিরল]।
  • অকল্যাণ– বিশেষ্য, ১ যাতে কল্যাণ নেই; অশুভ; অমঙ্গল। ২ অনিষ্ট; অহিত। ৩ (নঞ্ তৎপুরুষ) যা কল্যাণবিরোধী; অশুভ; অশিব।। ৪ সংস্কৃত ন = অ-কল্যাণ (মঙ্গল); নঞ্ বহুব্রীহি— যাতে কল্যাণ নেই। নঞ্ তৎপুরুষ— নয় কল্যাণ যা। স্ত্রীলিঙ্গ, অকল্যাণী।
  • অকল্যাণকর– বিশেষণ, অমঙ্গলজনক; অশুভ। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কল্যাণ + কর।
  • অকল্যাণকরী– বিশেষ্য, পশ্চিম। অকল্যাণকরী দিক্—পশ্চিম দিক্। প্রয়োগ: বিশেষ্য, ১ পশ্চিম – কে তুমি গো যশস্বিনি! আলোকিত করি রূপে অল্যাণকরী দিকে লয়েছ আশ্রয়? – জাতক (পঞ্চম খণ্ড)। ব্যুৎপত্তি: প্রাচীন বৌদ্ধসাহিত্যে ব্যবহৃত।
  • অকষ্ট– বিশেষণ, কষ্টহীন; ক্লেশহীন; যাতে কষ্ট নেই। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কষ্ট।
  • অকষ্টকল্পনা– বিশেষ্য, যে কল্পনা বা রচনা কবির মানস হতে স্বতঃ উত্থিত বা লেখকের লেখনী হতে স্বতঃ বিনির্গত হয়; যে রচনার জন্য লেখককে আয়াস স্বীকার করতে হয় না; অনায়াসসাধ্য কল্পনা; সহজসাধ্য রচনা; স্বতঃস্ফূর্ত কল্পনা বা রচনা। ব্যুৎপত্তি: সংস্কৃত, ন (অ) + কষ্ট + কল্পনা (কষ্টকল্পনা laboured language, laboured thought নয়)।
  • অকষ্টকল্পিত– বিশেষণ, যা কষ্টকল্পিত নয়; কষ্টকল্পিত নয় এমন; অনায়াসসাধ্য; স্বতঃস্ফূর্তভাবে রচিত; not laboured or farfetched. ব্যুৎপত্তি: সংস্কৃত ন (অ) + কষ্ট + কল্প + ইত।
  • অকষ্টবদ্ধ– বিশেষ্য, অত্যন্ত বিপন্ন; অত্যন্ত বিপদগ্রস্ত; যার তুল্য কষ্ট বা ক্লেশ নেই; বিষমসঙ্কট; অধিক দুঃখ; যে অবস্থায় নড়ার শক্তি পর্যন্ত থাকে না; অপ্রতিহার্য আপদ; অতিক্লেশকরভাবে বিপজ্জড়িত; অতিবিপন্ন; উভয় সঙ্কট; যে কষ্ট বা দুঃখের সহজে প্রতিকার হয় না।। বিশেষণ, দুঃস্থ, বিষম সঙ্কটাপন্ন। প্রয়োগ: বিশেষ্য, ১ সীমাহীনকষ্ট – পেয়ে বহুকষ্ট, বাহির প্রকোষ্ট, অকষ্টবদ্ধের ন্যায়। ভ্রমিতে ভ্রমিতে, পড়িয়া ভ্রমিতে, ক্রমেতে বাহির হয়॥ – বাসবদত্তা। বিশেষ্য: অকষ্টবদ্ধতা। স্ত্রীলিঙ্গ অকষ্টবদ্ধা। ব্যুৎপত্তি: বাংলা অ (যথার্থ, অতিরিক্ত বা অত্যন্ত) + সংস্কৃত কষ্ট + সংস্কৃত বদ্ধ (বন্ধন); তুলনামূলক সংস্কৃত “হা কষ্টং বদ্ধঃ”; সংস্কৃত অক (সুখের অভাব)।
  • অকষ্টবদ্ধে পড়া– অতিবিপন্ন হওয়া; অধিক কষ্টে পতিত হওয়া; উভয় সঙ্কটে পড়া।
  • অকস্মাৎ– অব্যয়, হঠাৎ; সহসা; অকারণ; কোন কারণ ছাড়াই; অতর্কিত; আচমকা।। ক্রিয়া-বিশেষণ, কোন কারণ হতে নয়; অকারণে; বিনা কারণে; অসম্ভাবিতরূপে। প্রয়োগ: অব্যয়, ১ আচমকা – অকস্মাৎ স্বপ্ন গেল টুটে – সুদীন্দ্রনাথ দত্ত।। ক্রিয়া-বিশেষণ, ১ অতর্কিতভাবে – বিশেষ একক কেন আসিবে এথায়। আসিবেক কোন্ অভিপ্রায়॥ – মহাভারত, কাশীদাস। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ (নহে) কস্মাৎ (কিম্ পঞ্চমী একবচন স্থানে স্মাৎ = কাহা বা কি কারণে বা কোথা হতে এসে দেখা দিল বা ঘটল তার পূর্বজ্ঞান বা নিদর্শন নেই।
  • অকা– অকা (Aka) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী। তাদের প্রধান বসতি পশ্চিম কামেং জেলার পার্বত্য অঞ্চলে এবং কিছু বসতি পূর্ব কামেং জেলায় অবস্থিত। জাতিগোষ্ঠীটি নিজেদের পরিচয় দেয় হ্রুসো (Hrusso) নামে। তাদের নিজস্ব ভাষাও হ্রুসো নামে পরিচিত। অকা জনগোষ্ঠীর ইতিহাস, ভাষা, ধর্মবিশ্বাস, সামাজিক রীতিনীতি এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ উত্তর-পূর্ব ভারতের নৃতাত্ত্বিক ও আঞ্চলিক ইতিহাসের উল্লেখযোগ্য অংশ। অকা জনগোষ্ঠীকে ঘিরে দুই ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। একদিকে ঊনবিংশ শতকের ব্রিটিশ ও বঙ্গীয় লেখকদের নৃতাত্ত্বিক বিবরণ, অন্যদিকে আধুনিক ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণা। পুরোনো বিবরণে তাদের সম্পর্কে ব্যবহৃত ‘অসভ্য’ বা ‘অসভ্য জাতি’ ধরনের শব্দ ঔপনিবেশিক যুগের মূল্যায়নমূলক ভাষা; এগুলো আধুনিক নৃতাত্ত্বিক পরিভাষা নয়। নাম ও জাতিগত পরিচয় অকা নামটি মূলত বহিরাগতদের দেওয়া নাম। প্রচলিত ব্যাখ্যা অনুসারে, অসমের সমতল অঞ্চলের মানুষেরা তাদের মুখে রং বা উল্কি ব্যবহারের রীতির কারণে ‘অকা’ নামে অভিহিত করেছিল। অসমীয়া ভাষার আঁকা বা রং করার ধারণার সঙ্গে নামটির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তাদের নিজস্ব নাম হ্রুসো (Hrusso)। আধুনিক ভাষাতাত্ত্বিক গবেষণায় সম্প্রদায়টির নিজস্ব নাম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক নথিতে তাদের নামের বিভিন্ন রূপ পাওয়া যায়: অকা (Aka) হ্রুসো (Hruso/Hrusso) অকা-হ্রুসো (Aka-Hruso) আংকা (Angka) গুসো বা গুস্সো (Gusso) তবে অকা নামটি কোরো অকা (Koro Aka) নামের আরেকটি জনগোষ্ঠীর ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। কোরো ও হ্রুসোকে একই ভাষা বা অভিন্ন জাতিগোষ্ঠী মনে করা ঠিক নয়। তাদের সাংস্কৃতিক যোগাযোগ থাকলেও ভাষাগত পরিচয় পৃথক।১ ভৌগোলিক অবস্থান ও আবাসভূমি অকা জনগোষ্ঠীর প্রধান আবাস ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার পার্বত্য অঞ্চল। বিশেষত বিচোম নদী উপত্যকা ও নাফরা-বুরাগাঁও অঞ্চলে তাদের ঐতিহ্যগত বসতি গড়ে উঠেছে। পূর্ব কামেং জেলার কিছু এলাকাতেও তাদের বসতি রয়েছে। প্রধান বসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে: থ্রিজিনো (Thrizino) জামিরি (Jamiri) বুরাগাঁও (Buragaon) বালুকপং (Bhalukpong) হুসিগাঁও (Husigaon) গোহাইনথান (Gohainthan) কারাংগোনিয়া (Karangonia) ঐতিহাসিক বঙ্গীয় বিবরণে বলা হয়েছে, অকারা ভরণী নদীর জলোচ্ছ্বাসের ঊর্ধ্বভাগের দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাস করত। পাহাড়ের পাদদেশ থেকে তাদের বসতিতে পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য ছিল। ঘন বনভূমি, খাড়া পাহাড়, নদী ও দুর্গম পথ তাদের জীবনযাত্রা এবং বহিরাগতদের সঙ্গে যোগাযোগকে প্রভাবিত করত। অকাদের উত্তরে মিজি (Miji) জনগোষ্ঠীর বসতি ছিল। পুরোনো বিবরণে তাদের মধ্যে বৈবাহিক ও আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। মিজিদের সঙ্গে অকারা সামাজিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ ছিল এবং উভয় জনগোষ্ঠীর মধ্যে আন্তবিবাহ প্রচলিত ছিল।২ শারীরিক বৈশিষ্ট্য ও নৃতাত্ত্বিক বিবরণ ঊনবিংশ শতকের বঙ্গীয় নৃতাত্ত্বিক বিবরণে অকা জনগোষ্ঠীর শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি পর্যবেক্ষণ পাওয়া যায়। সেই বিবরণ অনুযায়ী: মুখমণ্ডল গোল ও কিছুটা চ্যাপ্টা। নাক অপেক্ষাকৃত স্থূল। চোখ তুলনামূলক ছোট। গালের হাড় উঁচু। দেহের গড়ন মাঝারি। গায়ের বর্ণ অত্যধিক মলিন বা তামাটে নয়। নারীদের দৈহিক গড়ন ও সৌন্দর্য সম্পর্কে লেখক নিজস্ব মূল্যায়ন দিয়েছেন। এগুলো ঊনবিংশ শতকের পর্যবেক্ষকের বর্ণনা; আধুনিক বৈজ্ঞানিক নৃতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো জাতিগত শারীরিক বৈশিষ্ট্যের তালিকা নয়। জনসংখ্যা ও সম্প্রদায়ের বিভাগ ঊনবিংশ শতকের বঙ্গীয় গ্রন্থে অকা জনগোষ্ঠীর মোট পরিবারসংখ্যা ২৩০টি বলে উল্লেখ করা হয়েছে। একই বিবরণে প্রতিবেশী মিজি জনগোষ্ঠীর পরিবারসংখ্যা ৪০০টি বলা হয়েছে। পুরোনো বিবরণে অকা জনগোষ্ঠীকে দুটি প্রধান সম্প্রদায়ে ভাগ করা হয়েছে: ১. হাজারী-কোয়াদ: শব্দটির অর্থ হিসেবে হাজার রন্ধনশালার খাদিক বা ভোজ্যদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা দেওয়া হয়েছে। ২. কুপ-চোর: কার্পাসক্ষেত্রের চোর অর্থে শব্দটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। গ্রন্থকারের মতে, উভয় নামই অসমীয়া ভাষার অপভ্রংশ। অতীতে পাহাড়ের নিচে নেমে সমতল অঞ্চলের কৃষিক্ষেত্র থেকে কার্পাস ও শস্য সংগ্রহ এবং জনপদে লুটপাটের সঙ্গে এই নামগুলোর সম্পর্ক ছিল। তবে এই দুটি সম্প্রদায়ের নাম আধুনিক নৃতাত্ত্বিক গবেষণায় স্বীকৃত আনুষ্ঠানিক গোত্রবিভাগ কি না, তা নিশ্চিত নয়। পুরোনো বিবরণে এগুলোকে সামাজিক পরিচয়ের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ২০১১ সালের ভারতীয় জনগণনা-ভিত্তিক একটি ২০২৫ সালের গবেষণাপত্রে হ্রুসো বা অকা জনগোষ্ঠীর জনসংখ্যা ৮,১৬৭ বলে উল্লেখ করা হয়েছে।৩ ভাষা অকা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা হ্রুসো (Hrusso)। এটি ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার একটি স্বতন্ত্র আদিবাসী ভাষা। ভাষাটির শ্রেণিবিন্যাস নিয়ে ভাষাবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। পুরোনো গবেষণায় একে তিব্বতি-বর্মী বা বৃহত্তর চীন-তিব্বতি ভাষাপরিবারের সঙ্গে যুক্ত করা হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক ভাষাতাত্ত্বিক গবেষণায় একে স্বতন্ত্র ভাষা বা ভাষা-আইসোলেট হিসেবে বিবেচনার পক্ষে যুক্তি পাওয়া যায়। হ্রুসো ভাষার কয়েকটি বৈশিষ্ট্য: নিজস্ব ভাষাগত কাঠামো ও ধ্বনিব্যবস্থা রয়েছে। রোমান বর্ণমালায় ভাষাটি লেখার প্রচেষ্টা হয়েছে। অসমীয়া, হিন্দি, ইংরেজি ও মিজি ভাষার সঙ্গে যোগাযোগ রয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে অন্য ভাষার ব্যবহার বৃদ্ধির ফলে ভাষাটির অস্তিত্ব ঝুঁকির মুখে পড়েছে। ভাষাটির নথিবদ্ধকরণের জন্য সাম্প্রতিক সময়ে অকা সম্প্রদায়ের সদস্য অনু জেবিসো (Anu Jebisow) কাজ করেছেন। তাঁর গবেষণায় হ্রুসো জনগোষ্ঠীর ঋতুভিত্তিক জীবনযাত্রা, পাখি, উদ্ভিদ, কৃষি ও পরিবেশবিষয়ক ঐতিহ্যগত জ্ঞান নথিভুক্ত হয়েছে।৪ ধর্মবিশ্বাস ও দেবদেবী অকা জনগোষ্ঠীর প্রাচীন ধর্মবিশ্বাস প্রকৃতি, পার্বত্য পরিবেশ, বনভূমি, নদী, জল ও বিভিন্ন অতিপ্রাকৃত শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পাহাড়ের ভয়ংকর চূড়া, কল্লোলিনী নদী, বন্যপশুতে পূর্ণ নিবিড় অরণ্য এবং প্রাকৃতিক বিপর্যয় তাদের ধর্মীয় কল্পনা ও দেবতা-ধারণায় বিশেষ স্থান অধিকার করেছিল। ঐতিহাসিক বঙ্গীয় বিবরণে অকা জনগোষ্ঠীর কয়েকটি দেবতার নাম পাওয়া যায়: দেবতার নাম ঐতিহ্যগত পরিচয় ফুঙ্গ জঙ্গল ও জলের দেবতা ফিরন যুদ্ধের অধিষ্ঠাত্রী দেবতা সিমন যুদ্ধের অধিষ্ঠাত্রী দেবতা সত্ ক্ষেত্র ও গৃহের দেবতা এই দেবতাদের প্রকৃতি ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তাই পুরোনো গ্রন্থে প্রদত্ত পরিচয়কেই এখানে সংরক্ষণ করা হয়েছে। পুরোহিত ও ধর্মীয় আচার অকা জনগোষ্ঠীর পুরোহিতকে দেবরী বলা হতো। দেবরী বিভিন্ন পূজা, দৈবক্রিয়া ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতেন। তাদের ধর্মীয় রীতিনীতির মধ্যে উল্লেখযোগ্য ছিল: নির্দিষ্ট কুটিরে বন ও প্রকৃতিসংশ্লিষ্ট দেবতার প্রতিমূর্তি স্থাপন। শস্য কাটার পর উৎপন্ন ফসলের অগ্রভাগ দেবতাদের উদ্দেশে উৎসর্গ। বিবাহের আগে বর ও কনের হাতে পবিত্র সুতা বাঁধা। রোগব্যাধি ও বিপদ থেকে মুক্তির জন্য দেবতার উদ্দেশে বলি দেওয়া। মন্ত্রপাঠ ও ঝাড়ফুঁকের মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা। পুরোনো বিবরণে বলা হয়েছে, কোনো ব্যক্তি অসুস্থ হলে সাধারণত ওষুধের ওপর নির্ভর না করে ওঝার মন্ত্রপাঠ ও ঝাড়ফুঁকের আশ্রয় নিত। পুরোহিত কুক্কুট দেবতার উদ্দেশে মুরগি বা অন্যান্য পাখি বলি দিয়ে স্বস্ত্যয়ন করতেন। সামাজিক জীবন ও পারিবারিক রীতিনীতি অকা সমাজের সামাজিক জীবন ছিল গোত্র, পরিবার, আত্মীয়তা ও পারস্পরিক সহযোগিতানির্ভর। প্রতিবেশী মিজি জনগোষ্ঠীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সামাজিক সম্পর্ক ছিল। বিবাহপ্রথা অকা ও মিজি জনগোষ্ঠীর মধ্যে বৈবাহিক সম্পর্ক প্রচলিত ছিল। পুরোনো বিবরণে মিজি কন্যাদের সঙ্গে অকা পুরুষদের বিবাহের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিবাহের আগে পুরোহিত বর ও কনের হাতে পবিত্র সুতার গ্রন্থি বেঁধে দিতেন। এই রীতির সঙ্গে হিন্দু সমাজের মঙ্গলাচরণ ও বিবাহপূর্ব পবিত্র সুতা বাঁধার প্রথার সাদৃশ্য রয়েছে। আত্মীয়তার সম্পর্ক অকা ও মিজিদের সম্পর্ক কেবল প্রতিবেশীসুলভ ছিল না; বিপদের সময় তারা পরস্পরের সহায়তায় এগিয়ে আসত। পুরোনো গ্রন্থে বলা হয়েছে, অকারা বিপদে পড়লে মিজিরা তাদের আত্মীয়স্বজনকে উদ্ধারের জন্য পাহাড় থেকে নেমে আসত। সাধারণত মিজিরা নিজেরা পাহাড়ের নিচে আসত না। বাসস্থান ও গৃহনির্মাণ অকা জনগোষ্ঠীর ঐতিহ্যগত বাড়িঘর প্রধানত কাঠ ও পাথর দিয়ে নির্মিত হতো। বাড়ির মেঝেতে কাঠের তক্তা বিছানো থাকত। পার্বত্য পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বসতবাড়ি নির্মিত হতো। ঘন বনভূমি ও দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসের কারণে কাঠ ছিল নির্মাণের অন্যতম প্রধান উপকরণ। তাদের জীবনযাত্রায় শিকার, কৃষিকাজ, পশুপালন ও বনজ সম্পদ সংগ্রহের বিশেষ গুরুত্ব ছিল। পোশাক, অলংকার ও সাজসজ্জা অকা জনগোষ্ঠীর পোশাক ও সাজসজ্জা তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের অংশ। ঐতিহাসিক বিবরণে অকা পুরুষদের সাজসজ্জা সম্পর্কে একটি বিশেষ বর্ণনা রয়েছে। একজন অকা নেতার চেহারাকে লেখক পৌরাণিক শিবদূতের সঙ্গে তুলনা করেছেন। সেই বিবরণ অনুযায়ী: শরীরের বিভিন্ন অংশে উল্কি বা চিত্রাঙ্কন থাকত। গলায় পাথর ও হাড়ের মালা পরত। মাথায় পাখির পালক ব্যবহার করত। শরীরে কাপড় জড়িয়ে পরিধান করত। বনফুলের মালা পরার প্রচলন ছিল। শিকারের সময় ধনুক ও তির বহন করত। নারীদের পোশাক ও অলংকারের বিস্তারিত বিবরণ পুরোনো পাঠে তুলনামূলকভাবে কম পাওয়া যায়। তবে মিজিদের সঙ্গে তাদের পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জার যথেষ্ট সাদৃশ্যের কথা উল্লেখ করা হয়েছে। জীবিকা, কৃষি ও বাণিজ্য অকা জনগোষ্ঠীর ঐতিহ্যগত জীবিকা ছিল কৃষিকাজ, শিকার, পশুপালন, বনজ সম্পদ সংগ্রহ এবং পার্বত্য বাণিজ্য। কৃষিকাজ তারা পাহাড়ি অঞ্চলে কৃষিকাজ করত এবং উৎপন্ন শস্যের একটি অংশ ধর্মীয় অনুষ্ঠানে দেবতার উদ্দেশে উৎসর্গ করত। কৃষিক্ষেত্র থেকে কার্পাস ও শস্য সংগ্রহের কথা ঔপনিবেশিক যুগের বিবরণে পাওয়া যায়। অতীতে সমতল অঞ্চলের কৃষকদের সঙ্গে তাদের বিরোধের অন্যতম কারণ ছিল ফসল ও কৃষিজ সম্পদ হরণ। শিকার শিকার ছিল তাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। তারা সাধারণত ধনুক ও তির ব্যবহার করত। হাতি ও অন্যান্য বৃহৎ বন্যপ্রাণী শিকার করার জন্য তিরের ফলায় বিষ মাখানো হতো। বাণিজ্য অকারা পার্বত্য অঞ্চলে উৎপন্ন বিভিন্ন দ্রব্য সংগ্রহ করে তিব্বত, ভুটান, সিকিম এবং আসামের সমতল অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। বিনিময়ে তারা সংগ্রহ করত: তামার পাত্র। কাঁসার পাত্র। বিভিন্ন ধরনের বস্ত্র। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। তাদের বাণিজ্যিক যোগাযোগ পার্বত্য অঞ্চল ও সমতলভূমির অর্থনৈতিক সম্পর্ককে সুদৃঢ় করেছিল। শিকার ও বিষাক্ত অস্ত্র অকা জনগোষ্ঠীর শিকারপদ্ধতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল বিষাক্ত তিরের ব্যবহার। ঐতিহাসিক বঙ্গীয় গ্রন্থে তিরের বিষ সম্পর্কে দুটি উদ্ভিদের নাম উল্লেখ করা হয়েছে: ১. মিঠা বিষ (Aconitum ferox): বিষাক্ত গুণসম্পন্ন একটি উদ্ভিদ। ২. বিষ (Coptis teeta): অসমীয়া ভাষায় বিষ নামে পরিচিত বলে গ্রন্থকার উল্লেখ করেছেন। লেখক নিশ্চিত হতে পারেননি, অকারা ঠিক কোন উদ্ভিদের বিষ তিরের ফলায় ব্যবহার করত। একই গ্রন্থে ক্ষতস্থানে কূড় (Saussuria lappa) উদ্ভিদ ঘষে প্রলেপ দেওয়া এবং তার ক্বাথ পান করানোর কথাও উল্লেখ রয়েছে। লেখক এর বিষনাশক ক্ষমতা পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এগুলো ঊনবিংশ শতকের নৃতাত্ত্বিক ও উদ্ভিদসংক্রান্ত পর্যবেক্ষণ। আধুনিক বিষবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে এগুলোর কার্যকারিতা প্রমাণিত হয়েছে—এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। খাদ্যাভ্যাস ও পশুপালন অকা জনগোষ্ঠীর ঐতিহ্যগত খাদ্যাভ্যাস ছিল বৈচিত্র্যময়। তারা শিকার করা বন্যপ্রাণী এবং গৃহপালিত পশুপাখির মাংস খেত। তাদের পালিত প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য: গরু। শূকর। মুরগি। কবুতর। ঐতিহাসিক গ্রন্থে বলা হয়েছে, তারা গোমাংস ভক্ষণ করলেও গরুর দুধ স্পর্শ করত না। অর্থাৎ, গরুর মাংস খাওয়া তাদের কাছে নিষিদ্ধ ছিল না, কিন্তু গরুর দুধকে তারা অপবিত্র বলে বিবেচনা করত। গ্রন্থকার এই খাদ্যসংক্রান্ত বৈপরীত্যকে হিন্দু সমাজের খাদ্যসংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, হিন্দুরা গরুর দুধ পান করলেও গোমাংস ভক্ষণ করে না; অন্যদিকে অকারা গোমাংস খেলেও গোদুগ্ধ গ্রহণ করে না। শূকর, মুরগি ও কবুতরের মাংস তাদের প্রধান খাদ্যের অন্তর্ভুক্ত ছিল। তবে হাঁস, রাজহাঁস ও কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ বলে পুরোনো বিবরণে উল্লেখ করা হয়েছে। মৃত্যুসংস্কার ও অন্ত্যেষ্টিক্রিয়া অকা জনগোষ্ঠীর প্রাচীন অন্ত্যেষ্টিক্রিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল মৃতদেহ সমাধিস্থ করা। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, তারা মৃতদেহ দাহ না করে মাটিতে পুঁতে রাখত। এই প্রথার বিস্তারিত আচার, সমাধির ধরন বা মৃত্যুর পরবর্তী বিশ্বাস সম্পর্কে আলোচ্য গ্রন্থে পর্যাপ্ত তথ্য নেই। পুরোনো লেখক এ বিষয়ে পাঠককে মিজি জনগোষ্ঠীর বিবরণের দিকে নির্দেশ করেছেন। ব্রিটিশ শাসনের সঙ্গে সংঘাতের পটভূমি অকা জনগোষ্ঠীর ইতিহাসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সঙ্গে সংঘাত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিরোধের মূল কারণ ছিল ভূখণ্ডের অধিকার, সমতল অঞ্চলে প্রবেশাধিকার, পোসা ব্যবস্থা, কর আদায় এবং রাজনৈতিক স্বায়ত্তশাসন। ১৮২৬ সালের ইয়ান্দাবু সন্ধির পর আসাম ব্রিটিশ শাসনের অধীনে এলে পাহাড় ও সমতলের মধ্যকার প্রচলিত রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পরিবর্তিত হতে থাকে। অকারা দীর্ঘদিন ধরে পাহাড়ের নিচের জনপদে যাতায়াত, বাণিজ্য এবং নির্দিষ্ট পাওনা আদায়ের অধিকার ভোগ করত। ব্রিটিশ প্রশাসন এসব অধিকারে হস্তক্ষেপ করলে বিরোধ সৃষ্টি হয়। ঐতিহাসিক বিবরণে তাদের বিরুদ্ধে কয়েক ধরনের অভিযোগ পাওয়া যায়: ব্রহ্মপুত্র নদে নৌকা ও তীর্থযাত্রীদের মালামাল লুট। সমতলের কৃষকদের ক্ষেত থেকে কার্পাস ও শস্য হরণ। পার্বত্য অঞ্চলের নিচের জনপদে আক্রমণ ও উৎপীড়ন। ব্রিটিশ প্রশাসনিক চৌকিতে হামলা। ব্রিটিশ কর্মচারীদের হত্যা ও আহত করা। তবে এসব ঘটনার বিবরণ প্রধানত ঔপনিবেশিক প্রশাসনিক ও নৃতাত্ত্বিক লেখকদের কাছ থেকে এসেছে। ফলে অকা জনগোষ্ঠীর নিজস্ব বক্তব্য এবং ব্রিটিশদের ভূখণ্ড দখল ও প্রশাসনিক হস্তক্ষেপের প্রেক্ষাপট বিবেচনা করে ঘটনাগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। তাগি রাজা ও ব্রিটিশবিরোধী প্রতিরোধ অকা জনগোষ্ঠীর ব্রিটিশবিরোধী ইতিহাসে তাগি রাজা (Tagi Raja বা Thagi Raja) অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি অকা জনগোষ্ঠীর একজন প্রভাবশালী সর্দার বা রাজা ছিলেন। তাঁর নেতৃত্বে অকারা নিজেদের ঐতিহ্যগত অধিকার ও স্বাধীনতা রক্ষার চেষ্টা করেছিল। তাগি রাজার গ্রেপ্তার ও বন্দিজীবন পুরোনো বঙ্গীয় গ্রন্থের বিবরণ অনুযায়ী, ১৮২৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা তাগি রাজাকে গ্রেপ্তার করে গোহাটির কারাগারে বন্দি রাখে। অন্যদিকে আধুনিক ঐতিহাসিক গবেষণায় তাঁর গ্রেপ্তারের সময় ১৮২৯ সাল উল্লেখ করা হয়েছে। ফলে গ্রেপ্তারের সুনির্দিষ্ট সাল নিয়ে ঐতিহাসিক সূত্রে কিছু পার্থক্য রয়েছে। বন্দিজীবনে তাগি রাজার সঙ্গে একজন হিন্দু গুরুর পরিচয় হয়। তিনি ওই গুরুর কাছ থেকে হরিভক্তি ও হরিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। পুরোনো গ্রন্থে তাঁদের পারস্পরিক সম্পর্কের বর্ণনা বেশ আকর্ষণীয়। গুরু শিষ্যকে ভালোবাসতেন এবং শিষ্য গুরুকে শ্রদ্ধা করতেন। ক্রমে তাঁদের মধ্যে গভীর অনুরাগের সম্পর্ক গড়ে ওঠে। ১৮৩২ সালে তাগি রাজা তাঁর গুরুকে জামিনদার রেখে মুক্তি পান বলে গ্রন্থটিতে উল্লেখ রয়েছে। মুক্তির পর পুনরায় সংঘর্ষ পাহাড়ে ফিরে যাওয়ার পর তাগি রাজার আচরণে পরিবর্তন ঘটে। গ্রন্থকারের বর্ণনা অনুসারে, বন্দিজীবনে অর্জিত হরিভক্তি ও গুরুর প্রতি শ্রদ্ধা তাঁর মধ্যে আর স্থায়ী থাকেনি। যেসব ব্যক্তি ষড়যন্ত্র করে তাঁকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিয়েছিল, মুক্তির পর তিনি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেন। আশপাশের ব্রিটিশ প্রশাসনিক চৌকিতে আক্রমণ চালান এবং ব্রিটিশ কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁর নেতৃত্বে অকারা পার্বত্য অঞ্চলে নিজেদের প্রতিরোধ অব্যাহত রাখে। দুর্গম পাহাড় ও বনভূমির কারণে ব্রিটিশদের পক্ষে তাঁদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আত্মসমর্পণ ও পেনশন দীর্ঘদিন সংঘর্ষের পর তাগি রাজা বুঝতে পারেন, সীমিত যুদ্ধাস্ত্র নিয়ে ব্রিটিশদের আধুনিক অস্ত্রের বিরুদ্ধে দীর্ঘকাল টিকে থাকা কঠিন। শেষ পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেন। পুরোনো বঙ্গীয় গ্রন্থে বলা হয়েছে, ব্রিটিশরা তাঁকে শর্ত দেয় যে, তিনি আর কোনো জনপদে অত্যাচার বা আক্রমণ চালাবেন না। বিনিময়ে তাঁকে বছরে ৩৬০ টাকা পেনশন দেওয়া হবে। তাগি রাজা এই শর্ত মেনে নেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পার্থক্য রয়েছে। রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের গবেষণা প্রতিবেদনে তাগি রাজার সঙ্গে ব্রিটিশদের আনুষ্ঠানিক সমঝোতার সময় ১৮৪২ সাল এবং তাঁর ব্যক্তিগত মাসিক ভাতা ২০ টাকা বলে উল্লেখ করা হয়েছে। একই প্রতিবেদনে পরবর্তী সময়ে অন্যান্য অকা নেতার পেনশনসহ মোট বার্ষিক ভাতা ৩৬০ টাকায় পৌঁছানোর বিবরণ রয়েছে। অতএব, পুরোনো গ্রন্থের ৩৬০ টাকার বিবরণটি তাগি রাজার ব্যক্তিগত পেনশন, নাকি একাধিক নেতার সম্মিলিত ভাতা—তা নিয়ে সতর্কতা প্রয়োজন।৫ অকা জনগোষ্ঠীর শপথ ও ধর্মীয় প্রতিজ্ঞা তাগি রাজার সঙ্গে ব্রিটিশদের সমঝোতার বিবরণে একটি বিশেষ ধর্মীয় আচারের কথা পাওয়া যায়। ব্রিটিশদের সঙ্গে সন্ধি করার সময় তাঁকে প্রতিজ্ঞা করতে হয়েছিল যে, তিনি আর কখনো ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না কিংবা তাদের সঙ্গে বিরোধে জড়াবেন না। শপথের জন্য অকারা নিজেদের কাছে পবিত্র বলে বিবেচিত বিভিন্ন দ্রব্য ব্যবহার করেছিল। পুরোনো বঙ্গীয় গ্রন্থে উল্লেখ রয়েছে: কুক্কুট বা মুরগি। ডল্লুকচর্ম। ব্যাঘ্রচর্ম। হস্তিবিষ্ঠা। গ্রন্থকারের বর্ণনা অনুযায়ী, হিন্দু সমাজে গোবিষ্ঠা পবিত্র বলে বিবেচিত হলেও অকা জনগোষ্ঠীর কাছে হস্তিবিষ্ঠার বিশেষ পবিত্রতা ছিল। প্রথমে ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। পরে তাগি রাজা এক হাতে ডল্লুকচর্ম এবং অন্য হাতে ব্যাঘ্রচর্ম নিয়ে ব্রিটিশদের সঙ্গে আর বিরোধে না জড়ানোর প্রতিজ্ঞা করেন। এরপর তিনি অঞ্জলি ভরে হস্তিবিষ্ঠা গ্রহণ করে শপথ করেন। শেষে হরিনাম কীর্তনের মাধ্যমে তাঁর প্রতিজ্ঞা সম্পন্ন হয়। এই বিবরণটি অকা জনগোষ্ঠীর নিজস্ব পবিত্রতা-সংক্রান্ত ধারণা এবং হিন্দু বৈষ্ণব ধর্মীয় প্রভাবের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। তবে আচারটির সব বিবরণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বৈষ্ণব ধর্মের প্রভাব তাগি রাজার বন্দিজীবনে হিন্দু গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের ঘটনা অকা জনগোষ্ঠীর ধর্মীয় ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। পুরোনো বঙ্গীয় গ্রন্থের দাবি অনুযায়ী, ব্রিটিশদের সঙ্গে সন্ধির পর তাগি রাজা নিজ সম্প্রদায়ের মধ্যে হরিভক্তি প্রচার করেন। এর ফলে অকা জনগোষ্ঠীর মধ্যে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটে। গ্রন্থকারের বক্তব্য, তাঁর সময়ে অকা জনগোষ্ঠীর প্রায় সবাই বৈষ্ণব ধর্মাবলম্বী হয়ে উঠেছিল। এই বিবরণ থেকে বোঝা যায়, উনিশ শতকে অকা জনগোষ্ঠীর প্রাচীন প্রকৃতিনির্ভর ধর্মবিশ্বাসের পাশাপাশি হিন্দু বৈষ্ণব ধর্মীয় প্রভাবও বিস্তার লাভ করেছিল। তবে সমগ্র অকা জনগোষ্ঠী একযোগে বা সম্পূর্ণভাবে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল—এমন সিদ্ধান্তকে আধুনিক সমীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে গ্রহণ করা যায় না। ১৮৮৩–১৮৮৪ সালের অ্যাংলো-অকা যুদ্ধ অকা জনগোষ্ঠীর ইতিহাসে ১৮৮৩–১৮৮৪ সালের ব্রিটিশবিরোধী সংঘর্ষ বিশেষ গুরুত্বপূর্ণ। আধুনিক ইতিহাসচর্চায় এটি Anglo-Aka War of 1883–84 নামে পরিচিত। এই সংঘর্ষে অকা জনগোষ্ঠীর নেতৃত্বে ছিলেন মেধি রাজা (Medhi Raja), যিনি তাগি রাজার পুত্র হিসেবে পরিচিত। সংঘর্ষের কারণ তাগি রাজার সঙ্গে সমঝোতার পর কিছু সময়ের জন্য অকা ও ব্রিটিশদের মধ্যে তুলনামূলক শান্তিপূর্ণ সম্পর্ক বজায় ছিল। কিন্তু অকা জনগোষ্ঠীর ভূখণ্ডের সীমানা, সমতলে যাতায়াত এবং প্রচলিত অধিকারের প্রশ্নে আবার বিরোধ দেখা দেয়। ১৮৭২–১৮৭৩ সালের দিকে ব্রিটিশ প্রশাসন অকা ও ব্রিটিশ অধিকৃত অঞ্চলের মধ্যে সীমানা নির্ধারণের উদ্যোগ নেয়। মেধি রাজা এই সীমানা মেনে নিতে চাননি। তাঁর দাবি ছিল, পাহাড় ও ব্রহ্মপুত্রের মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল অকা জনগোষ্ঠীর ঐতিহ্যগত ভূখণ্ডের অন্তর্ভুক্ত। ১৮৮২ সালে অকা ও নিয়িশি জনগোষ্ঠীর কিছু মানুষ পাহাড়ের পাদদেশে সীমাচিহ্ন স্থাপন করে সমতলের সঙ্গে যোগাযোগের প্রচলিত পথের ওপর নিজেদের অধিকার ঘোষণা করে। কলকাতা প্রদর্শনীকে কেন্দ্র করে বিরোধ ১৮৮৩ সালে কলকাতায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর পোশাক, অলংকার, অস্ত্র ও কৃষি-উপকরণের নমুনা প্রদর্শনের পরিকল্পনা ছিল। এই উদ্দেশ্যে ব্রিটিশ প্রশাসনের একজন কর্মকর্তা লক্ষ্মীধর বা লাখিধর নামে পরিচিত প্রতিনিধিকে অকা পাহাড়ে পাঠায়। তাঁর দায়িত্ব ছিল অকা জনগোষ্ঠীর বিভিন্ন কৃষি ও গৃহস্থালি সামগ্রীর নমুনা সংগ্রহ করা। পাশাপাশি অকা রাজা ও রানিকে তাঁদের পোশাক ও অলংকারসহ কলকাতায় নিয়ে এসে প্রদর্শনীর জন্য তাঁদের প্রতিকৃতি বা মূর্তি নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করা হয়। অকা জনগোষ্ঠী এই প্রস্তাবকে চরম অপমানজনক বলে মনে করে। তাদের ধারণা হয়, জীবিত মানুষকে প্রদর্শনীর নমুনা হিসেবে কলকাতায় পাঠানোর চেষ্টা তাদের মর্যাদা ও স্বাধীনতার ওপর আঘাত। পুরোনো বঙ্গীয় গ্রন্থেও বলা হয়েছে, জীবিত অকা নারী-পুরুষকে প্রতিমূর্তি তৈরির জন্য কলকাতায় পাঠানোর প্রস্তাবে সমগ্র জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়ে ওঠে। ব্রিটিশ কর্মচারীদের আটক ও আক্রমণ ১৮৮৩ সালের অক্টোবরে ব্রিটিশ প্রতিনিধি লক্ষ্মীধর অকা পাহাড়ে গেলে তাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে ১০ নভেম্বর ১৮৮৩ তারিখে মেধি রাজার নির্দেশে তাঁর ছোট ভাই সন্ডি দুশুসো (Sondi Dususow)-এর নেতৃত্বে প্রায় একশত অকা যোদ্ধা বালিপাড়ায় আক্রমণ চালায়। তারা ব্রিটিশ বন বিভাগের কয়েকজন কর্মচারীকে অপহরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ প্রশাসন সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। যুদ্ধ ও অকা প্রতিরোধ অকা যোদ্ধারা পার্বত্য ভূপ্রকৃতিকে কাজে লাগিয়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাদের যুদ্ধকৌশলের মধ্যে ছিল: দুর্গম পাহাড়ি পথে অতর্কিত আক্রমণ। ধনুক ও বিষাক্ত তিরের ব্যবহার। বনভূমি ও পাহাড়ের আড়াল থেকে আক্রমণ। পাহাড়ি পথে চলাচল বাধাগ্রস্ত করা। স্থানীয় ভূপ্রকৃতি ব্যবহার করে প্রতিপক্ষকে বিপাকে ফেলা। ব্রিটিশ বাহিনী আধুনিক আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে অকা অঞ্চলে অভিযান চালায়। দীর্ঘ সংঘর্ষের পর অকা জনগোষ্ঠীর প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। যুদ্ধের পরিণতি ১৮৮৪ সালে সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের অবসান ঘটে বলে প্রচলিত ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। তবে মেধি রাজার চূড়ান্ত আত্মসমর্পণের সাল নিয়ে আধুনিক গবেষণায় ১৮৮৮ সালের উল্লেখও পাওয়া যায়। ২০২৫ সালের Ratul Kashyap-এর গবেষণাপত্রে তাগি রাজার গ্রেপ্তার থেকে মেধি রাজার ১৮৮৮ সালের আত্মসমর্পণ পর্যন্ত ঘটনাক্রম বিশ্লেষণ করা হয়েছে। সুতরাং ১৮৮৩–১৮৮৪ সালের সংঘর্ষ এবং ১৮৮৮ সালের চূড়ান্ত আত্মসমর্পণকে একই ঘটনা হিসেবে না দেখে দীর্ঘস্থায়ী সংঘাতের বিভিন্ন পর্যায় হিসেবে বিবেচনা করা অধিক যুক্তিযুক্ত।৬ ব্রিটিশদের সঙ্গে সম্পর্কের পরিবর্তন ব্রিটিশ শাসনের সঙ্গে সংঘাতের পর অকা জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক অবস্থানে পরিবর্তন আসে। তাদের ঐতিহ্যগত স্বাধীনতা ও সমতল অঞ্চলে যাতায়াতের অধিকারে সীমাবদ্ধতা তৈরি হয়। ব্রিটিশ প্রশাসন পাহাড়ি অঞ্চল ও সীমান্তের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে। অন্যদিকে পেনশন ও বিভিন্ন প্রশাসনিক সমঝোতার মাধ্যমে অকা নেতাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অকা জনগোষ্ঠীর ইতিহাসে এই সময়টি ছিল স্বায়ত্তশাসিত পার্বত্য সমাজ থেকে ঔপনিবেশিক প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বর্তমান অকা সমাজ ও সাংস্কৃতিক পরিবর্তন বর্তমানে অকা জনগোষ্ঠী ভারতের অরুণাচল প্রদেশের একটি স্বতন্ত্র আদিবাসী সম্প্রদায় হিসেবে পরিচিত। আধুনিক শিক্ষা, যোগাযোগব্যবস্থা, প্রশাসনিক পরিবর্তন এবং বহিরাগত জনগোষ্ঠীর সঙ্গে মেলামেশার ফলে তাদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো: আধুনিক শিক্ষার প্রসার। হিন্দি ও ইংরেজি ভাষার ব্যবহার বৃদ্ধি। ঐতিহ্যগত কৃষি ও শিকারনির্ভর জীবিকার পাশাপাশি আধুনিক পেশায় অংশগ্রহণ। ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও উৎসবের সাংস্কৃতিক পুনরুজ্জীবন। ভাষা ও লোকঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ। ভাষা সংরক্ষণ হ্রুসো ভাষার অস্তিত্ব বর্তমানে উদ্বেগের বিষয়। তরুণ প্রজন্মের মধ্যে হিন্দি ও অন্যান্য ভাষার ব্যবহার বাড়ার কারণে মাতৃভাষার ব্যবহার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাষাটির শব্দভান্ডার, ব্যাকরণ, লোককাহিনি, গান, আচার-অনুষ্ঠান ও পরিবেশবিষয়ক ঐতিহ্যগত জ্ঞান নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনু জেবিসোর গবেষণাকর্ম এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।৪ অকা জনগোষ্ঠীর পরিচিতি একনজরে বিষয় বিবরণ জাতির নামঅকা (Aka) নিজস্ব জাতিগত পরিচয়হ্রুসো (Hrusso) দেশভারত রাজ্যঅরুণাচল প্রদেশ প্রধান আবাসপশ্চিম কামেং অন্যান্য আবাসপূর্ব কামেং প্রধান বসতিপূর্ণ অঞ্চলথ্রিজিনো, জামিরি, বুরাগাঁও, বালুকপং ভাষাহ্রুসো ভাষার শ্রেণিবিন্যাসভাষা-আইসোলেট হিসেবে বিবেচিত; শ্রেণিবিন্যাসে মতভেদ প্রতিবেশী জনগোষ্ঠীমিজি, নিয়িশি, মনপা প্রভৃতি ঐতিহ্যগত ধর্মবিশ্বাসপ্রকৃতি ও অতিপ্রাকৃত শক্তিকেন্দ্রিক পুরোহিতের নামদেবরী প্রধান দেবতাফুঙ্গ, ফিরন, সিমন, সত্ ঐতিহ্যগত জীবিকাকৃষি, শিকার, পশুপালন ও বাণিজ্য প্রধান অস্ত্রধনুক ও বিষাক্ত তির গৃহনির্মাণকাঠ ও পাথর অন্ত্যেষ্টিক্রিয়াসমাধিস্থ করা গুরুত্বপূর্ণ নেতাতাগি রাজা ও মেধি রাজা উল্লেখযোগ্য সংঘর্ষ১৮৮৩–১৮৮৪ সালের অ্যাংলো-অকা যুদ্ধ ২০১১ সালের জনসংখ্যা৮,১৬৭ (২০১১ জনগণনাভিত্তিক গবেষণায় উদ্ধৃত) ঐতিহাসিক ও গবেষণামূলক সূত্র অকা জনগোষ্ঠী সম্পর্কে আরও বিস্তারিত গবেষণার জন্য নিচের গ্রন্থ ও গবেষণাপত্রগুলো গুরুত্বপূর্ণ। ১. R. S. Kennedy — Ethnological Report on the Akas, Khoas and Mijis and the Monbas of Tawang (1914)। অকা ও পার্শ্ববর্তী জনগোষ্ঠীর সামাজিক ও নৃতাত্ত্বিক পরিচয়ের পুরোনো বিবরণ। ২. C. R. Macgregor — Notes on Akas and Akaland (1884)। অকা জনগোষ্ঠী ও তাদের ভূখণ্ড সম্পর্কে ঔপনিবেশিক যুগের গুরুত্বপূর্ণ তথ্যসূত্র। ৩. Rajiv Gandhi University — Unsung Heroes of Arunachal Pradesh: Tribal Resistance Movements (2023)। তাগি রাজা, মেধি রাজা ও অ্যাংলো-অকা সংঘর্ষের ইতিহাস নিয়ে গবেষণা। ৪. Roger Blench — Declassifying Arunachal Pradesh Languages: Reconsidering the Evidence। হ্রুসো ভাষার শ্রেণিবিন্যাস ও কোরো অকার সঙ্গে পার্থক্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ। ৫. Anu Jebisow — Seasons of Life: Birds, Plants and People through the Year। হ্রুসো জনগোষ্ঠীর পরিবেশ, কৃষি, পাখি, উদ্ভিদ ও ঐতিহ্যগত জ্ঞান নথিবদ্ধ করার প্রকল্প। ৬. Ratul Kashyap — Hrusso (Akas) of Arunachal Pradesh and the British: The Legacy of Thagi Raja and Medhi Raja in the 19th Century (2025)। অকা জনগোষ্ঠীর দুই ঐতিহাসিক নেতার রাজনৈতিক ভূমিকা ও ব্রিটিশবিরোধী সংঘর্ষের বিশ্লেষণ। উপসংহার অকা বা হ্রুসো জনগোষ্ঠী উত্তর-পূর্ব ভারতের একটি স্বতন্ত্র ঐতিহাসিক ও সাংস্কৃতিক জনগোষ্ঠী। দুর্গম পার্বত্য অঞ্চলে তাদের বসতি, প্রকৃতিনির্ভর ধর্মবিশ্বাস, নিজস্ব ভাষা, শিকার ও কৃষিনির্ভর জীবনযাত্রা এবং প্রতিবেশী মিজি জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিনের সামাজিক সম্পর্ক তাদের স্বাতন্ত্র্য গড়ে তুলেছে। তাদের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক প্রতিরোধ। তাগি রাজা ও মেধি রাজার নেতৃত্বে অকারা নিজেদের ভূখণ্ড, ঐতিহ্যগত অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষার চেষ্টা করেছিল। বিশেষত ১৮৮৩–১৮৮৪ সালের অ্যাংলো-অকা সংঘর্ষ উত্তর-পূর্ব ভারতের ঔপনিবেশিক প্রতিরোধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। অন্যদিকে, তাদের ভাষা হ্রুসো বর্তমানে সংরক্ষণের দাবি রাখে। ভাষার সঙ্গে একটি জনগোষ্ঠীর ইতিহাস, লোকজ জ্ঞান, ধর্মীয় আচার, প্রকৃতিবিষয়ক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক স্মৃতি জড়িত। তাই অকা জনগোষ্ঠীর ইতিহাস রচনার পাশাপাশি তাদের ভাষা ও মৌখিক ঐতিহ্য সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। নোট অকা ও কোরো অকা জনগোষ্ঠীর পৃথক ভাষাগত পরিচয় সম্পর্কে Roger Blench-এর ভাষাতাত্ত্বিক গবেষণা এবং অরুণাচল প্রদেশের ভাষাসংক্রান্ত গবেষণা অনুসরণ করা হয়েছে। অকা ও মিজি জনগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান, সামাজিক সম্পর্ক ও আন্তবিবাহের বিবরণ ঊনবিংশ শতকের বঙ্গীয় নৃতাত্ত্বিক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্রুসো জনগোষ্ঠীর ৮,১৬৭ জনসংখ্যার পরিসংখ্যান ২০১১ সালের জনগণনাভিত্তিক ২০২৫ সালের গবেষণাপত্রে উদ্ধৃত তথ্য। অনু জেবিসোর ভাষা ও সাংস্কৃতিক নথিবদ্ধকরণবিষয়ক গবেষণাকর্ম এবং Seasons of Life প্রকল্পের তথ্য অনুসরণ করা হয়েছে। তাগি রাজার গ্রেপ্তার, মুক্তি, ব্রিটিশদের সঙ্গে সমঝোতা ও পেনশন সম্পর্কে ঊনবিংশ শতকের বঙ্গীয় গ্রন্থ এবং Rajiv Gandhi University-এর ২০২৩ সালের গবেষণা প্রতিবেদনের মধ্যে কালানুক্রমিক ও পরিমাণগত পার্থক্য রয়েছে। অ্যাংলো-অকা সংঘর্ষের সময়কাল এবং মেধি রাজার আত্মসমর্পণ সম্পর্কে ২০২৫ সালে Ratul Kashyap-এর প্রকাশিত গবেষণাপত্রের তথ্য বিবেচনা করা হয়েছে।
  • অকাখেল– সিন্ধুনদের উত্তর-পশ্চিমাঞ্চলে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার ও পেশোয়ার অঞ্চলের পার্বত্য এলাকায় বসবাসকারী আফ্রিদি পশতুন জাতির একটি প্রধান গোত্রীয় শাখা। ইংরেজিতে Aka Khel বা Akā Khel নামে পরিচিত। ঐতিহাসিকভাবে এরা বারার দক্ষিণাঞ্চল, তিরাহ উপত্যকা এবং জামরুদের দক্ষিণ-পশ্চিমের পার্বত্য এলাকায় বসতি স্থাপন করে। আফ্রিদি জাতির আটটি প্রধান গোত্রীয় শাখার অন্যতম হলেও ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক পরিচয়ের দিক থেকে এদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। অকাখেলরা বৃহত্তর আফ্রিদি পশতুন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আফ্রিদিরা উত্তর-পশ্চিম পাকিস্তানের অন্যতম প্রভাবশালী পশতুন জাতি। তাদের প্রধান বসতিপ্রধান অঞ্চল খাইবার, বারার উপত্যকা, বাজর, তিরাহ এবং পেশোয়ার ও কোহাটের মধ্যবর্তী পার্বত্য অঞ্চল। আফ্রিদি জাতির উৎপত্তি ও প্রাচীন ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য সীমিত। তবে ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক গবেষণায় তাদের কারলানি পশতুন বংশধারার অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে।১ আফ্রিদি জাতি সাধারণত আটটি প্রধান গোত্রীয় শাখায় বিভক্ত। যথা—কুকিখেল (Kuki Khel), মালিকদিনখেল (Malikdin Khel), কাম্বারখেল (Kambar Khel), কামারখেল বা কামরাই (Kamar Khel/Kamrai), জাখাখেল (Zakha Khel), সিপাহ (Sipah), অকাখেল (Aka Khel) এবং আদমখেল (Adam Khel)। প্রথম ছয়টি শাখা সম্মিলিতভাবে খাইবার আফ্রিদি নামে পরিচিত। অকাখেল ও আদমখেল ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক বিকাশের কারণে অন্য ছয়টি শাখা থেকে স্বতন্ত্রভাবে চিহ্নিত।২ অকাখেলদের প্রধান ঐতিহাসিক আবাসভূমি বারার দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন পার্বত্য এলাকা। ঊনবিংশ শতকের ব্রিটিশ বিবরণে তাদের বসতিকে বারার দক্ষিণে এবং জামরুদের আশপাশের পাহাড়ি অঞ্চলে বিস্তৃত বলে উল্লেখ করা হয়েছে। তিরাহ উপত্যকার সঙ্গেও তাদের ঐতিহাসিক ও গোত্রীয় সম্পর্ক রয়েছে। তিরাহ একটি বিস্তৃত পার্বত্য অঞ্চল, যার মধ্যে ময়দান ও রাজগুলের মতো উপত্যকা রয়েছে। আফ্রিদি ও ওরাকজাইসহ বিভিন্ন পশতুন গোত্রের বসতি এ অঞ্চলে গড়ে উঠেছে।৩ অকাখেল সম্প্রদায়ের অভ্যন্তরীণ গোত্রীয় বিভাজন সম্পর্কে ঊনবিংশ শতকের কয়েকটি বিবরণে মারুফখেল, মরগভখেল, শেরখেল, সন্দলখেল ও মুণ্ডাখেল প্রভৃতি উপশাখার উল্লেখ পাওয়া যায়। তবে এসব উপশাখার নাম, সংখ্যা ও পারস্পরিক বংশসম্পর্ক সম্পর্কে আধুনিক নির্ভরযোগ্য নৃতাত্ত্বিক তথ্য পর্যাপ্ত নয়। ফলে এগুলোকে অকাখেলদের চূড়ান্ত ও সর্বজনস্বীকৃত গোত্রতালিকা হিসেবে বিবেচনা করা যায় না। আফ্রিদি সমাজের প্রচলিত গোত্রীয় কাঠামোতে খান, মালিক ও প্রবীণ ব্যক্তিরা সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। গোত্রীয় ঐক্য, পারিবারিক সম্পর্ক, ভূমির অধিকার, সম্পদের বণ্টন এবং পারস্পরিক বিরোধ নিষ্পত্তিতে গোত্রপ্রধান ও প্রবীণদের প্রভাব ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন উপগোত্রের নিজস্ব বসতি ও নেতৃত্বব্যবস্থা থাকলেও বৃহত্তর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। এই গোত্রীয় কাঠামো অকাখেলদের সামাজিক সংগঠনেও প্রভাব বিস্তার করেছে। ব্রিটিশ শাসনের সঙ্গে সংঘাত ঊনবিংশ শতকের মধ্যভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেশোয়ার উপত্যকা ও উত্তর-পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলোর ওপর নিজেদের কর্তৃত্ব সুসংহত করার চেষ্টা করে। কিন্তু আফ্রিদি ও অন্যান্য পার্বত্য পশতুন গোত্রের স্বায়ত্তশাসন, নিজস্ব ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ এবং প্রচলিত জীবনব্যবস্থার কারণে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে তাদের বারবার সংঘর্ষ ঘটে। অকাখেলরাও এই সংঘাতের বাইরে ছিল না। অকাখেলদের সঙ্গে ব্রিটিশদের উল্লেখযোগ্য সংঘাত শুরু হয় ১৮৫৪ সালে। সে সময় বাসিখেল (Basi Khel) উপশাখার সদস্যরা কোহাট গিরিপথের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত অর্থভাগে নিজেদের অন্তর্ভুক্ত না দেখতে পেয়ে পেশোয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। তারা ব্রিটিশ প্রজাদের হত্যা করে, মাতান্নি গ্রামের ওপর আক্রমণের হুমকি দেয় এবং একজন ব্রিটিশ সহকারী সিভিল ইঞ্জিনিয়ারের শিবিরেও হামলা চালায়।৪ এর প্রতিক্রিয়ায় ১৮৫৫ সালে ব্রিটিশ প্রশাসন অকাখেলদের বিরুদ্ধে অবরোধ ও সামরিক অভিযান পরিচালনা করে। তাদের শীতকালীন বসতিতে আকস্মিক আক্রমণ চালানো হয়, সীমান্তবর্তী গ্রামগুলোতে অভিযান পরিচালিত হয় এবং পশুপালনের জন্য ব্যবহৃত চারণভূমি থেকে গবাদিপশু আটক করা হয়। গ্রীষ্মকালে অকাখেলরা পাহাড়ি অঞ্চলে চলে যেত বলে তাদের ওপর দীর্ঘস্থায়ী অবরোধ বজায় রাখার প্রয়োজন দেখা দেয়। ব্রিটিশ প্রশাসনের উদ্দেশ্য ছিল তাদের বাণিজ্য ও চলাচল ব্যাহত করে আত্মসমর্পণে বাধ্য করা। অবরোধের ফলে অকাখেলদের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত কাঠের ব্যবসা ও নিম্নাঞ্চলের বাজারে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা অর্থনৈতিক চাপে পড়ে। অবশেষে ১৮৫৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অকাখেলরা ব্রিটিশদের আরোপিত শর্ত মেনে নেয়। ব্রিটিশ ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, অবরোধ চলাকালে অকাখেলদের নিজেদের হিসাবে ক্ষতির পরিমাণ ৭৭ হাজার রুপিরও বেশি ছিল।৪ ব্রিটিশ ঐতিহাসিক এইচ. সি. পেগেটের সংকলিত সীমান্ত-অভিযানের বিবরণ এবং পরবর্তী ইতিহাসগ্রন্থে এই সংঘাতের উল্লেখ রয়েছে। তবে ১৮৫৬ সালে ২,৬৭০ টাকা অর্থদণ্ড দিয়ে অকাখেলদের ভারতবর্ষে প্রবেশের অনুমতি গ্রহণের যে বিবরণ কোনো কোনো পুরোনো বাংলা গ্রন্থে পাওয়া যায়, সেটির সঙ্গে ১৮৫৪-১৮৫৫ সালের অবরোধ ও আত্মসমর্পণের ঘটনাকে এক করে দেখা উচিত নয়। উল্লিখিত অর্থদণ্ডের তথ্যটি প্রাথমিক ব্রিটিশ দলিলের সাহায্যে স্বাধীনভাবে নিশ্চিত করা প্রয়োজন। ব্রিটিশ প্রশাসনের সঙ্গে সংঘাতের পর অকাখেলদের সীমান্তবর্তী এলাকায় অভিযান ও লুণ্ঠনের ঘটনা তুলনামূলকভাবে কমে আসে বলে ঔপনিবেশিক বিবরণে দাবি করা হয়েছে। তবে ব্রিটিশদের সঙ্গে তাদের সম্পর্ক পরবর্তী সময়েও সম্পূর্ণ সংঘাতমুক্ত ছিল না। উত্তর-পশ্চিম সীমান্তের অন্যান্য আফ্রিদি গোত্রের মতো অকাখেলরাও নিজেদের ভূখণ্ড, স্বায়ত্তশাসন ও প্রচলিত অধিকার রক্ষার প্রশ্নে ব্রিটিশ কর্তৃত্বের বিরোধিতা করেছে। জীবনযাত্রা, অর্থনীতি ও সামাজিক রীতিনীতি অকাখেলদের ঐতিহাসিক জীবনযাত্রা মূলত পার্বত্য পরিবেশ, পশুপালন, কৃষিকাজ, স্থানীয় বাণিজ্য এবং গোত্রীয় সম্পর্কের ওপর নির্ভরশীল ছিল। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গবাদিপশু পালন, কৃষিজ উৎপাদন, কাঠ ও অন্যান্য বনজ দ্রব্য সংগ্রহ এবং স্থানীয় বাজারে পণ্য বিনিময় ছিল তাদের জীবিকার পরিচিত মাধ্যম। আফ্রিদি জনগোষ্ঠীর ঐতিহাসিক অর্থনৈতিক কর্মকাণ্ডে মৌসুমি স্থানান্তরের প্রচলন ছিল। শীতকালে অপেক্ষাকৃত নিম্নাঞ্চলে এবং গ্রীষ্মকালে উঁচু পার্বত্য এলাকায় বসবাসের রীতি বিভিন্ন আফ্রিদি গোত্রের মধ্যে দেখা যেত। তিরাহ ও বারার পার্বত্য ভূপ্রকৃতি এই জীবনযাত্রার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। তবে সব উপগোত্রের জীবনযাত্রা একই রকম ছিল না। অকাখেলদের নির্দিষ্ট মৌসুমি অভিবাসনপথ ও বর্তমান পশুপালনব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত সমসাময়িক তথ্য পাওয়া যায় না।১ পশতুন সমাজে পরিবার ও গোত্রীয় বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্মান, অতিথিপরায়ণতা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধ তাদের ঐতিহ্যগত মূল্যবোধের অংশ। পশতুন সমাজে প্রচলিত পশতুনওয়ালি (Pashtunwali) নামক প্রথাগত সামাজিক নীতিমালার প্রভাব আফ্রিদি সম্প্রদায়ের মধ্যেও রয়েছে। এর মধ্যে মেলমাস্তিয়া (অতিথিপরায়ণতা), নানাওয়াতাই (আশ্রয় ও ক্ষমাপ্রার্থনার আবেদন), নঙ্গ (সম্মান) এবং বদল (প্রতিশোধ বা ন্যায়প্রতিষ্ঠার ধারণা) বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে এসব রীতির চর্চা ব্যক্তি, পরিবার, অঞ্চল ও সময়ভেদে পরিবর্তিত হতে পারে। অকাখেলরা পশতুন ভাষার পূর্বাঞ্চলীয় উপভাষার অন্তর্ভুক্ত পশতু ভাষায় কথা বলে। বৃহত্তর আফ্রিদি সমাজের মতো তাদের ভাষা, মৌখিক ঐতিহ্য, লোককথা, কবিতা ও বংশপরিচয় তাদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান। ধর্মীয় পরিচয়ের দিক থেকে আফ্রিদি জনগোষ্ঠীর অধিকাংশ সুন্নি মুসলমান। ইসলামি ধর্মীয় অনুশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক প্রথা ও ঐতিহ্য তাদের দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করে। বর্তমান ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থান বর্তমানে অকাখেলদের ঐতিহাসিক বসতিপ্রধান অঞ্চল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় অবস্থিত। বিশেষত বারার দক্ষিণাঞ্চল ও তিরাহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাদের ঐতিহাসিক উপস্থিতি রয়েছে। তবে আধুনিক যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও অভিবাসনের ফলে অকাখেল বংশোদ্ভূত অনেক মানুষ নিজস্ব ঐতিহ্যগত বসতির বাইরেও বসবাস করতে পারে। পাকিস্তানের প্রশাসনিক ইতিহাসে ২০১৮ সাল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর। ওই বছরের ৩১ মে পাকিস্তানের সংবিধানের পঁচিশতম সংশোধনী কার্যকর হওয়ার মাধ্যমে পূর্বতন ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস (FATA) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে একীভূত হয়। এর ফলে সাবেক খাইবার এজেন্সি জেলা হিসেবে পুনর্গঠিত হয় এবং অকাখেলদের ঐতিহাসিক বসতিপ্রধান এলাকার প্রশাসনিক কাঠামোও প্রাদেশিক প্রশাসনের অধীনে আসে।৫ এই প্রশাসনিক পরিবর্তনের ফলে অঞ্চলটির অধিবাসীরা সাংবিধানিকভাবে প্রদেশের অন্যান্য নাগরিকের মতো সাধারণ আইন, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত হয়। পূর্ববর্তী ঔপনিবেশিক আমলের ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশন (FCR) ভিত্তিক বিশেষ প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তে পর্যায়ক্রমে সাধারণ আইন ও প্রাদেশিক প্রতিষ্ঠান সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়। তবে প্রশাসনিক একীভূতকরণ সম্পন্ন হলেও বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, বিচারপ্রাপ্তি এবং সরকারি পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ রয়ে গেছে। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের ২০২৩ সালের আদমশুমারিতে খাইবার জেলার জনসংখ্যা ১১ লাখ ৪৬ হাজার ২৬৭ জন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই আদমশুমারির পৃথক গ্রামীণ এলাকার পরিসংখ্যানে বারার জনসংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৮৪ জন দেখানো হয়েছে। তবে এই সংখ্যা অকাখেলদের জনসংখ্যা নয়; এটি সমগ্র বারার প্রশাসনিক এলাকার জনসংখ্যা। আদমশুমারিতে অকাখেল উপগোত্রের পৃথক জনসংখ্যা নির্ভরযোগ্যভাবে নির্ধারণের উপযোগী তথ্য পাওয়া যায় না।৬ আধুনিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন ঐতিহাসিকভাবে গোত্রীয় নেতৃত্ব ও প্রবীণদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল আফ্রিদি সমাজ বর্তমানে শিক্ষা, রাজনীতি, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও আধুনিক যোগাযোগব্যবস্থার সঙ্গে ক্রমবর্ধমানভাবে সম্পৃক্ত। অকাখেল সম্প্রদায়ের মধ্যেও এই পরিবর্তনের প্রভাব রয়েছে। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গোত্রীয় পরিচয় সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও নাগরিক অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রশাসনিক কার্যক্রম এখন রাষ্ট্রীয় ও প্রাদেশিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। খাইবার জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে কৃষি, পশুপালন, স্থানীয় ব্যবসা, পরিবহন, নির্মাণশিল্প এবং সীমান্তবাণিজ্যের ভূমিকা রয়েছে। আফগানিস্তানের সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং ঐতিহাসিক বাণিজ্যপথের কারণে এ অঞ্চলের অর্থনীতিতে সীমান্তসংলগ্ন বাণিজ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। তোরখাম সীমান্ত ও পেশোয়ারের সঙ্গে যোগাযোগের সুযোগ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত, নিরাপত্তাজনিত সমস্যা, বাস্তুচ্যুতি, বেকারত্ব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা খাইবার অঞ্চলের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিশেষ করে তিরাহ ও বারার কিছু এলাকায় নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন স্থানীয় মানুষের জীবিকা, শিক্ষা, কৃষি এবং ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব ফেলেছে। এ পরিস্থিতিতে গোত্রীয় পরিচয়ের পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা, স্থায়ী কর্মসংস্থান, শিক্ষার সুযোগ এবং উন্নত স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। আধুনিক অকাখেল সমাজকে তাই কেবল ঔপনিবেশিক আমলের সংঘাত, সীমান্ত-অভিযান কিংবা গোত্রীয় বিরোধের ইতিহাস দিয়ে মূল্যায়ন করা যায় না। বৃহত্তর আফ্রিদি জনগোষ্ঠীর অংশ হিসেবে তারা সমসাময়িক পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত। তাদের ঐতিহ্যগত গোত্রীয় পরিচয় বজায় রেখেই নতুন প্রজন্ম শিক্ষা, পেশা, ব্যবসা এবং রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছে। ঐতিহাসিক গুরুত্ব উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অকাখেলদের গুরুত্ব মূলত আফ্রিদি জনগোষ্ঠীর একটি স্বতন্ত্র গোত্রীয় শাখা হিসেবে তাদের অবস্থান, বারার দক্ষিণাঞ্চল ও তিরাহ-সংলগ্ন ভূখণ্ডের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সীমান্তবর্তী প্রতিরোধের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। উনিশ শতকে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে তাদের সংঘাত উত্তর-পশ্চিম সীমান্তের গোত্রীয় রাজনীতি, অর্থনৈতিক স্বার্থ এবং স্থানীয় স্বায়ত্তশাসনের প্রশ্নটি বুঝতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে বিবেচিত। অকাখেলদের ইতিহাস একই সঙ্গে বৃহত্তর আফ্রিদি সমাজের ইতিহাসেরও একটি অংশ। তাদের গোত্রীয় পরিচয়, পার্বত্য ভূখণ্ডের সঙ্গে সম্পর্ক, সামাজিক সংগঠন এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ঘটনাবলি উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলের নৃতাত্ত্বিক ও রাজনৈতিক ইতিহাস অনুধাবনে বিশেষ তাৎপর্য বহন করে। তথ্যসূত্র ও টীকা Encyclopaedia Iranica, Charles M. Kieffer, “Afrīdī”; আফ্রিদি জাতির উৎপত্তি, ভাষা, গোত্রীয় কাঠামো, ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক জীবনযাত্রা। প্রবন্ধটি দেখুন। Intelligence Branch, Government of India, North-West Frontier Tribes between the Kabul and Gumal Rivers (1908); আফ্রিদি জাতির আটটি প্রধান গোত্রীয় শাখা এবং তাদের ভৌগোলিক অবস্থান। From the Black Mountain to Waziristan, অধ্যায় XI; অকাখেলদের বসতি, বারার দক্ষিণাঞ্চল এবং আফ্রিদি গোত্রগুলোর ভৌগোলিক বিভাজন। From the Black Mountain to Waziristan, “Aka Khels” ও “Coercion of the Aka Khels” অংশ; ১৮৫৪-১৮৫৫ সালের সংঘাত, ব্রিটিশ অবরোধ, অর্থনৈতিক ক্ষতি এবং আত্মসমর্পণের বিবরণ। Constitution of the Islamic Republic of Pakistan, Twenty-fifth Amendment, 31 May 2018; পাকিস্তানের সংবিধানে সাবেক FATA-র খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে একীভূতকরণ। সংবিধানের পাঠ। Pakistan Bureau of Statistics, Population and Housing Census 2023, Table 31, Khyber District; খাইবার জেলা ও বারা তহসিলের জনসংখ্যা ও অন্যান্য পরিসংখ্যান। আদমশুমারির সারণি।
  • অকাগিরি– বিশেষ্য, আসামের উত্তর সীমান্তে অবস্থিত অকা জাতির বসতিপূর্ণ পর্বতমালা; অকাপর্বত। সচরাচর আকা পর্বত বা অকা পর্বত নামেও পরিচিত। ব্যুৎপত্তি: অকা + গিরি = অকাগিরি; অর্থাৎ অকা জাতির অধিবাসভুক্ত গিরিমালা। ভৌগোলিক পরিচয়: আসামের ঠিক উত্তরাংশে অবস্থিত এই গিরিমালার দক্ষিণে দরং অঞ্চল, পূর্বে দফলা পর্বত এবং পশ্চিমে ভুটান। ঐতিহাসিকভাবে এই পর্বতমালা অকা জাতির আবাসভূমি হিসেবে পরিচিত ছিল।
  • অকাজ– বিশেষ্য, ১ যা কাজ নয়; নির্বোধের কাজ; কুকাজ; বাজে কাজ; অনুচিত কাজ। ২ অপ্রশস্ত কাজ; অসৎকার্য; কুকর্ম। ৩ অন্যায়; অকর্ম; কুকর্ম; অবৈধ কাজ; ধর্মবিরোধী কাজ। ৪ অনর্থ; যে কাজে অভীষ্ট ফল নেই; বৃথা; বৃথা কাজ; মিছা কাজ। ৫ বিষম সমস্যার কর্ম বা বিষয়। ৬ কাজের অভাব। প্রয়োগ: বিশেষ্য, ১ অনর্থ – না দেখিয়া ছিনু ভাল। দেখিয়া অকাজ হল, না দেখিলে প্রাণ কেন কান্দে। – চণ্ডীদাস। ২ অনুচিত কাজ – অকাজের গোঁসাই। ৩ কুকর্ম – অকারণে অকাজ লয়ে ঘাড়ে অসময়ে অপথ দিয়ে যান। – রবীন্দ্রনাথ ঠাকুর। ৪ বিষম সমস্যার কাজ – গোবিন্দদাস কহে পড়ল অকাজ গো; এ ধনি পদুমিনী পড়ল অকাজ। – গোবিন্দদাস। ৫ বৃথা – অকাজে দিবস গেল, নৌকা নাহি পার হৈল, পরাণ হৈল পরমাদ। – জ্ঞানদাস। ৬ রাষ্ট্রবিরোধী – অকাজের অপথ দিয়েই তা’রা তাড়াতাড়ি সংসারে ত’রে যাবে। – ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুর।। ৭ ধর্মবিরোধী কাজ – যত করে মুসলমান সকলি অকাজ। – অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর। বিশেষণ: অকাজিয়া, অকাজুয়া—অকেজো। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ (অপ্রশস্ত, অন্যায়; বাংলা মন্দ অর্থে) কাজ।
  • অকাট– বিশেষণ, মূর্খ; গণ্ডমূর্খ; কাটমূর্খ। ব্যুৎপত্তি: সংস্কৃত অজ্ঞ থেকে অপভ্রংশে অকা, অক্কট, অগা, আকাট।হিন্দু ধর্ম জানুন
  • অকাটদিব্য– বিশেষ্য, এমন দিব্য বা শপথ, যা কোন অবস্থাতেই অস্বীকার, ভঙ্গ বা প্রত্যাহার করা যায় না; অটল শপথ; অলঙ্ঘনীয় অঙ্গীকার; অবিচ্ছেদ্য প্রতিজ্ঞা। প্রয়োগ: বিশেষ্য, ১ শপথ – সে অকাটদিব্য করে বলেছিল, জীবনে আর কখনও মিথ্যা কথা বলবে না। ব্যুৎপত্তি: সংস্কৃত অকাট্য + দিব্য = অকাট্যদিব্য > অকাটদিব্য। ‘অকাট’ অর্থ যা কাটা, খণ্ডন বা নাকচ করা যায় না; ‘দিব্য’ অর্থ শপথ বা প্রতিজ্ঞা। অর্থাৎ যে শপথ খণ্ডন বা উল্লঙ্ঘন করা যায় না।
  • অকাটমূর্খ– বিশেষণ, যার বুদ্ধির কাট বা ধার নেই; যার বিচারবুদ্ধি অত্যন্ত স্থূল; নিরেট মূর্খ; নির্বোধ; বুদ্ধিহীন; অতি আহাম্মক। সাধারণ মূর্খ অপেক্ষা অধিকতর নির্বুদ্ধি ব্যক্তি বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। প্রয়োগ: বিশেষণ, ১ নির্বোধ – লোকটির কথাবার্তা শুনে মনে হয়, সে একেবারে অকাটমূর্খ। ব্যুৎপত্তি: অকাট + মূর্খ = অকাটমূর্খ। ‘অকাট’ অর্থ বুদ্ধির ধারহীন বা যার বুদ্ধির কাট নেই এবং ‘মূর্খ’ অর্থ নির্বোধ বা বুদ্ধিহীন ব্যক্তি। এখানে ‘কাট’ শব্দটি বুদ্ধির তীক্ষ্ণতা বা ধার অর্থে কথ্য প্রয়োগ। শব্দটির ব্যুৎপত্তি লোকপ্রচলিত অর্থনির্ভর।