অ
ভুক্তি সংখ্যা
৪০৯ টি
- অসমঞ্জ– অসমঞ্জ (সংস্কৃত: असमञ्ज; প্রচলিত নাম অসমঞ্জস বা অস্মঞ্জস) ছিলেন প্রাচীন ভারতের সূর্যবংশীয় ইক্ষ্বাকু রাজবংশের রাজা সগরের জ্যেষ্ঠ পুত্র। তাঁর মাতা ছিলেন সগরের জ্যেষ্ঠা মহিষী কেশিনী। তিনি অযোধ্যার রাজপরিবারে জন্মগ্রহণ করেন। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের ৩৮তম সর্গে তাঁর জন্মের বিবরণ রয়েছে। পুরাণ ও রামায়ণের কাহিনি অনুসারে, অসমঞ্জ ছিলেন নিষ্ঠুর ও প্রজাবিরোধী স্বভাবের। তিনি সরযূ নদীর তীরে নগরের ছোট ছোট শিশুদের ধরে নদীতে ছুড়ে ফেলতেন এবং তাদের ডুবে যেতে দেখে আনন্দ পেতেন। তাঁর এই অত্যাচারে অযোধ্যার নাগরিকেরা অতিষ্ঠ হয়ে ওঠেন। প্রজাদের দুর্দশা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজা সগর তাঁকে রাজ্য থেকে নির্বাসিত করেন। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে তাঁর এই নিষ্ঠুর আচরণ এবং পিতার হাতে নির্বাসিত হওয়ার কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। অসমঞ্জের পুত্র ছিলেন অংশুমান। পিতার নির্বাসনের পর অংশুমান রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত হন। সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া অনুসন্ধান এবং সগরের ষাট হাজার পুত্রের পরিণতির কাহিনিতে অংশুমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অংশুমানের পুত্র দিলীপ এবং পৌত্র ভগীরথ। ভগীরথের তপস্যার ফলেই গঙ্গা মর্ত্যে অবতীর্ণ হন বলে পুরাণে বর্ণিত হয়েছে। বংশপরিচয়: সগর (পিতা) → অসমঞ্জ → অংশুমান (পুত্র) → দিলীপ → ভগীরথ। নাম ও পাঠভেদ: সংস্কৃত মূল নাম Asamañja (অসমঞ্জ)। বাংলায় অসমঞ্জ, অসমঞ্জস ও অস্মঞ্জস—এ ধরনের বানান বা রূপ দেখা যায়। বাল্মীকি রামায়ণের সংস্কৃত পাঠে ‘অসমঞ্জ’ (असमञ्ज) রূপটি ব্যবহৃত হয়েছে। সূত্র: বাল্মীকি রামায়ণ, বালকাণ্ড, সর্গ ৩৮; অযোধ্যাকাণ্ড, সর্গ ১১০; মহাভারত-পৌরাণিক কোষ।
- অসূর্যম্পশ্যা– যে অন্তঃপুরচারিণী কখন সূর্যেরও মুখ দেখতে পায় না; লোকনয়নান্তরালেস্থিতা; যাকে পতি ভিন্ন অন্য কোন পুরুষ দেখতে পায় না।
- অ্যা– ক্রিয়াপ্রত্যয়: অনন্তার্থে অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়বিশেষ। [অপ্রচলিত]। ব্যুৎপত্তি: ইয়া > ইআ > য়া > য়্যা > অ্যা; উচ্চারণানুসারে। টীকা: ‘ইয়া’ প্রত্যয়ের ধ্বনিগত বিবর্তনে ‘অ্যা’ রূপের উৎপত্তি হয়েছে। যেমন—থুইয়া > থুয়া > থুয়্যা > অ্যা। এই প্রত্যয় কঅ্যা, ছুঁঅ্যা, পাঠাঅ্যা, হঅ্যা প্রভৃতি ক্রিয়ারূপে দেখা যায়।
- অ্যাঁ– অব্যয়, ১ বিস্ময়, বিস্ময়সূচক উক্তি বা আকস্মিক চমক প্রকাশে ব্যবহৃত ধ্বনি। ২ প্রশ্ন, সংশয় বা কোন কথা স্পষ্টভাবে শুনতে না পাওয়ার ভাব প্রকাশে ব্যবহৃত অব্যয়। ৩ আহ্বানে সাড়া দিতে বা ডাকে সাড়া দিয়ে নিজের উপস্থিতি জানাতে ব্যবহৃত অব্যয়। ৪ অনভিপ্রেত বা অপ্রত্যাশিত বিষয়ে হঠাৎ প্রশ্নের সম্মুখীন হয়ে কিংকর্তব্যবিমূঢ়তা, ইতস্তত ভাব বা কথা জড়িয়ে যাওয়ার অবস্থা প্রকাশে ব্যবহৃত অব্যয়। প্রয়োগ: অব্যয়, ১ হাঁ, স্ত্রীলোক – … বড় সুন্দরী বটে, অ্যাঁ অচ্ছা ডাক, হান্ফেকে ডাক। – মাইকেল মধুসূদন দত্ত। ২ ইতস্তত – আশমানি।– কথা কওনা যে? দিগ্গজ।– “অ্যাঁ অ্যাঁ, তা তা তা তা”– বাঙ্নিষ্পত্তি হইয়া উঠিল না। আশমানি।– তবে কি পারিবে না? দিগ্গজ।– অ্যাঁ অ্যাঁ অ্যাঁ, তা তা–স্বামিঠাকুরকে বলিয়া আসি। – বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৩ বিস্ময় – ভক্ত।– (মালা জপিতে জপিতে) অ্যাঁ! অ্যাঁ! – বলিস কি রে! – মাইকেল মধুসূদন দত্ত। ৪ বিস্ময় – অ্যাঁ! কি সর্ব্বনাশ! নিমাই কোথা গেল! – গিরিশ গ্রন্থাবলী। ৫ সাড়া – গদা।– ও হানিফ, এদিকে আয়! হানিফ। – অ্যাঁ! কি? – মাইকেল মধুসূদন দত্ত।
- অ্যাকা– বিশেষণ, একাকী; একেলা; একলা; নিসঙ্গ। প্রয়োগ: ১ একা; নিসঙ্গ। – গেল যেই আমায় ফেলিয়া অ্যাকা/ ধূমাবতীরমূরতি ডাকিনী এক দিল সেই দ্যাখা। – স্বপ্নপ্রয়াণ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ব্যুৎপত্তি: বাংলা এক > অ্যাক + আ প্রত্যয়।
- অ্যাকেঅ্যাকে– বিশেষণ, এক এক করে; একজনের পরে একজন করে। ব্যুৎপত্তি: বাংলা এক + এ> একে> অ্যাকে; একেএকে > অ্যাকেঅ্যাকে। প্রয়োগ: বিশেষণ, ১ নিসঙ্গ – এমন যে বন্ধু তারা (তারকা) / স্বচ্ছন্দে এখন তারা / তা’রে (শশীকে) ফেলে যায় অ্যাকেঅ্যাকে – স্বপ্নপ্রয়াণ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
- অ্যালুমিনিয়ম– বিশেষ্য, রুপালি-সাদা, হালকা ও নমনীয় এক প্রকার ধাতু; তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। এর হালকা ওজন, সহজে বাঁকানো ও ক্ষয়রোধী বৈশিষ্ট্যের কারণে বাসনপত্র, বৈদ্যুতিক তার, যানবাহন, উড়োজাহাজ ও বিভিন্ন নির্মাণসামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। ব্যুৎপত্তি: ইংরেজি, aluminium.
- অ্যাসিটিলিন– বিশেষ্য, কার্বাইড ও জলের বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন, অত্যন্ত দাহ্য গ্যাস। এটি অক্সিজেনের সঙ্গে জ্বালালে উচ্চ তাপমাত্রার শিখা উৎপন্ন হয়; ধাতু কাটা ও ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। রাসায়নিক সংকেত: C₂H₂; প্রচলিত নাম: ইথাইন (Ethyne)। ব্যুৎপত্তি: ইংরেজি Acetylene. বানান: ‘অ্যাসেটিলিন’ অপেক্ষা ‘অ্যাসিটিলিন’ বানানটি গ্রহণযোগ্য প্রতিবর্ণীকরণ।
- অ-এছলামী– বিশেষণ, ১ ইসলামবিরোধী; ইসলামের শিক্ষা, আদর্শ বা বিধানের পরিপন্থী। ২ ইসলামী আকিদা বা বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক; ইসলামী ধর্মবিশ্বাসের সঙ্গে অসংগত। ৩ ইসলামী নীতি, অনুশাসন বা ধর্মীয় রীতির বিরোধী এমন। সমার্থক: ইসলামবিরোধী; ইসলামের পরিপন্থী; ইসলাম-অসংগত; আকিদাবিরোধী; শরিয়তবিরোধী (প্রসঙ্গবিশেষে)। বিপরীতার্থক: ইসলামী; ইসলামসম্মত; ইসলাম-অনুমোদিত; শরিয়তসম্মত; আকিদাসংগত। ব্যুৎপত্তি: বাংলা অ + আরবি ইসলাম (إسلام) + বাংলা ঈ। প্রয়োগ: ১ ‘অ-এছলামী কার্য্য।’ – মোয়াজ্জিন, ১৯৩৩।