অ
ভুক্তি সংখ্যা
৪০৯ টি
- অকি– অব্যয়, ধুয়ায় সুরের জন্য ব্যবহৃত শব্দ। প্রয়োগ: অব্যয়, ১ অকি আরে অকি আরে হয়; অকি হোরে – চৈতন্য মঙ্গল। ব্যুৎপত্তি: বৈষ্ণব-সাহিত্য।
- অকিঞ্চন– বিশেষণ, ১ যার কিছু নেই; নিঃস্ব; নির্ধন; দরিদ্র; সম্বলহীন; দীন। ২ বিষয়-বিরক্ত; সংসার-বিরাগী; সন্ন্যাসী; দরবেশ; ফকির; ভক্ত। ৩ পতিপুত্রহীনা; দুঃখী। ৪ অধম; নীচ; সামান্য; তুচ্ছ; ইতর। ৫ মূঢ়; মত্ত। ৬ (বাংলায়) একাগ্র; ঐকান্তিক (অপ্রচল)। ৭ (বাংলায়) দীন; জ্ঞানহীন; অনাথ; বেচারা; কৃপণ। প্রয়োগ: বিশেষণ, ১ একাগ্র – যে জনার হরিভক্তি অকিঞ্চনা হয়। – ভারতচন্দ্র রায়গুণাকর। ২ তুচ্ছ – আমি অতি হেয় ও অকিঞ্চন। – আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র। ৩ দীন – পরম সানন্দে বলি হইয়া অকিঞ্চন। চলিল পাতালপুরে ছাড়ি মহাধন॥ – গঙ্গামঙ্গল। ৪ দুঃখী – কৃপা, প্রভু, কর অকিঞ্চনে। – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। ৫ দুঃখী – শুন অকিঞ্চনের গোহারি। – কবিকঙ্কণ চণ্ডী। ৬ নিঃস্ব – ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কৈল সভার মান। – চৈতন্যচরিতামৃত। ৭ মূঢ় – অকিঞ্চণ মন দৃঢ় ভাবে জপ নারায়ণ। – বাংলা গান। ৮ সংসার বিরাগী – এ সব ছাড়িয়া আর বর্ণাশ্রমধর্ম্ম। অকিঞ্চন হৈয়া লয় কৃষ্ণৈকশরণ॥ – চৈতন্যচরিতামৃত। ৯ সামান্য – আমাদিগের অনুচিকীর্ষাবৃত্তি কি শুদ্ধ তাঁহাদিগের অকিঞ্চন গুণের বা দোষের অনুকরণ করিতে শিক্ষা দিয়াই চরিতার্থ থাকিবে? – রচনাবলী। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কিঞ্চন (কিছু)—যার কিছুই নাই—বহুব্রীহি সমাস।
- অকিঞ্চনতা– বিশেষ্য, অকিঞ্চনের ভাব; দীনতা; কিছুমাত্র সঙ্গতি না থাকা; নিঃস্বতা; দারিদ্র; দৈন্য; সংগতিহীনতা। ব্যুৎপত্তি: সংস্কৃত অকিঞ্চন + তা (ভাববাচ্য)।
- অকিঞ্চনত্ব– বিশেষ্য, অকিঞ্চনের ভাব; দীনতা; কিছুমাত্র সঙ্গতি না থাকা; নিঃস্বতা; দারিদ্র; দৈন্য; সংগতিহীনতা। ব্যুৎপত্তি: সংস্কৃত অকিঞ্চন + ত্ব (ভাববাচ্য)।
- অকিঞ্চিজ্জ্ঞ– বিশেষ্য, ন কিঞ্চিৎ জানাতীতি; অজ্ঞ; জ্ঞানশূন্য। বাংলায় অপ্রচলিত। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কিঞ্চিৎ + জ্ঞা + ক।
- অকিঞ্চিৎ– বিশেষণ, কিছুই নয়; যাতে কিছু নাই; যৎসামান্য; নগণ্য। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কিঞ্চিৎ (কিছু)।
- অকিঞ্চিৎকর– বিশেষণ, ১ যে কিছুই করে না; ক্রিয়াশূন্য। ২ যা কিঞ্চিৎ (ক্ষতি বা বৃদ্ধি) করে না; তুচ্ছ; নগণ্য; হেয়; সামান্য। ৩ অল্প; সামান্য; যৎসামান্য, তুচ্ছ, নগন্য, যাতে কিছুই হয় না। প্রয়োগ: বিশেষণ, ১ তুচ্ছ – অন্তঃকরণ হইতে অকিঞ্চিৎকর শোক নিষ্কাশিত করিয়া রাজকার্য্যে মনোনিবেশ করুন। – সীতার বনবাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২ নগণ্য – তাঁর বক্তব্যের সমর্থনে যে যুক্তি তিনি উপস্থিত করেন তা নিতান্তই অকিঞ্চিৎকর। ৩ সামান্য – গদ্যময় কাব্যকে আলঙ্কারিকেরা কথা ও আখ্যায়িকা এই দুইভাগে বিভক্ত করিয়া থাকেন। কিন্তু এই দু’য়ের বৈলক্ষণ্য এমন সামান্য যে ইহাদিগের ভাগদ্বয়ে বিভাগ অনাবশ্যক ও অকিঞ্চিৎকর। – কাব্যনির্ণয়। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কিঞ্চিৎ + কর (যে করে); উপপদ সমাস। স্ত্রীলিঙ্গে অকিঞ্চিৎকরী।
- অকিলেসেঁ– ক্রিয়া-বিশেষণ, অক্লেশে; অনায়াসে; সহজে। প্রয়োগ: বিশেষণ, ১ অক্লেশে – সঁপিলাম সর্বস্ব অক্লেশে। – সুদীন্দ্রনাথ দত্ত। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + ক্লেশ + বাংলা এ।
- অকিল্বিষ– বিশেষ্য, ১ নিষ্পাপ; কিল্বিষশূন্য; পাপশূন্য। ২ নির্দোষ।। ৩ সংস্কৃত অকিল্বিষ।
- অকীক– বিশেষ্য, ঈষৎ নীলাভ, ঈষৎ শ্বেতাভ শ্যামল পাণ্ডুবর্ণ মূল্যবান ভারতীয় প্রস্তরবিশেষ; agate.। ২ প্রাচীনকালে কর্ণেলিয়ান (cornelian), আগেট্ (agate) ওনিক্ষ বা অনিক্স (onyx) ইত্যাদি অকীকের অন্তর্গত বিবেচনা করা হলেও আধুনিক খনিজ বিশেষজ্ঞদের মতে আগেটই প্রকৃত আকীক। পরিচিতি: অকীক একপ্রকার রত্নপ্রস্তর; ইংরেজি Agate। অকীককে অর্ধমূল্যবান বিবেচনা করা হয়, কেননা, অর্ধমূল্যবান পাথর (Semi-precious stone) বলতে এমন প্রাকৃতিক রত্নপাথরকে বোঝায়, যেগুলো সৌন্দর্য, স্থায়িত্ব ও অলংকারে ব্যবহারের উপযোগিতার কারণে মূল্যবান; তবে ঐতিহ্যগত শ্রেণিবিভাগে হীরা, চুনি, পান্না ও নীলকান্তমণির মত ‘মূল্যবান রত্নপাথর’ (Precious stones) শ্রেণিতে রাখা হয় না। অকীক সিলিকার সূক্ষ্ম-স্ফটিকময় (cryptocrystalline) খনিজগোষ্ঠী কোয়ার্টজের অন্তর্গত একধরনের ক্যালসেডনি। সাধারণত পাথরের মধ্যে বিভিন্ন রঙের সমান্তরাল, বক্র বা স্তরবিন্যস্ত রেখা ও নকশা দেখা যায়। লাল, কমলা, বাদামি, হলুদ, ধূসর, নীলাভ, সাদা ও কালচে—বিভিন্ন বর্ণের অকীক পাওয়া যায়। পালিশ করলে এর স্তর, বর্ণবৈচিত্র্য ও নকশা স্পষ্ট হয়ে ওঠে; কোন কোন নমুনা জলভরা মেঘের মতো শ্যামল-পাণ্ডুবর্ণ, কোথাও অল্প সাদা ও নীলাভ আভা, আবার কোথাও লতাপাতা, শাখা-প্রশাখা বা ঝাড়ের মতো বিচিত্র নকশা দেখা যায়। একটি খনিজগত পার্থক্য মনে রাখা প্রয়োজন: কর্নেলিয়ান (Carnelian) অকীকেরই লালচে বা কমলাটে একপ্রকার রূপ; অনিক্স (Onyx) হ’ল সমান্তরাল রঙিন স্তরবিশিষ্ট ক্যালসেডনি, যা অকীকের নিকটসম্পর্কিত হলেও প্রচলিত রত্নবিজ্ঞানে পৃথক নামে পরিচিত। অতএব, কর্নেলিয়ান, অনিক্স ও আগেটকে একেবারে সমার্থক বলা ঠিক নয়; যদিও অতীতে এইগুলোকে একই গোত্রের প্রস্তর বিবেচনা করা হ’ত। অকীক পাথর সাধারণত আগ্নেয়শিলার গহ্বরের মধ্যে সিলিকাসমৃদ্ধ দ্রবণ জমাট বেঁধে সৃষ্টি হয়। পরে শিলা ক্ষয়প্রাপ্ত হলে পাথরগুলো নদী ও জলধারার পলি, নুড়ি ও কাঁকরস্তরে জমা হয়। ভারতে অকীকের প্রধান উৎসগুলোর মধ্যে গুজরাটের তাপি ও নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চল, ভরুচ জেলা, রাজপিপলা ও রতনপুর বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া মহারাষ্ট্রের অমরাবতী, ঔরঙ্গাবাদ, বুলঢানা, চন্দ্রপুর, নাসিক ও পুনে জেলা; অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চল; ঝাড়খণ্ডের দুমকা জেলা; মধ্যপ্রদেশের ধার, মান্দসৌর, সিহোর ও শাহদোল জেলা এবং গুজরাটের কচ্ছ অঞ্চলেও অকীক পাওয়া যায়। ভারতীয় খনিজ ব্যুরোর Indian Minerals Yearbook 2022 অনুসারে এসব অঞ্চলের কয়েকটিতে অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন অকীকের উপস্থিতি রয়েছে। ঐতিহাসিকভাবে রাজমহল, ছোটনাগপুর, বাঁদা, জব্বলপুর, রতনপুর, রাজপিপলা ও কাম্বে অঞ্চলে অকীক পাথর পাওয়া ও প্রক্রিয়াজাত করার কথা উল্লেখ করা হয়েছে। পুরোনো ভৌগোলিক নাম ও প্রশাসনিক সীমানার পরিবর্তনের কারণে এসব স্থানের কয়েকটির বর্তমান অবস্থান ও খনিজ উৎপাদনের পরিমাণ আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। বিশেষত জব্বলপুর ও বাঁদার অকীক ও মস-অকীক উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের গোড়ার শিল্পপ্রদর্শনীতে পরিচিত ছিল। ভারতবর্ষে অকীক পাথরের ব্যবহার ও কারুশিল্পের ইতিহাস সুপ্রাচীন। সিন্ধু সভ্যতার হরপ্পীয় পর্যায়েই, আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে, অকীক ও কর্নেলিয়ান পুঁতি নির্মাণের প্রমাণ পাওয়া যায়। পরবর্তী সময়ে পশ্চিম ভারতের খাম্বাত বা কাম্বে এই পাথর কাটা, ঘষা, পালিশ করা ও পুঁতি তৈরির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। প্রাচীন ভারতীয় বন্দরনগরী ভরুচ বা প্রাচীন বারিগাজা থেকে গ্রিক ও রোমান বণিকেরা অকীক, কর্নেলিয়ান ও অন্যান্য অর্ধমূল্যবান পাথরের দ্রব্য সংগ্রহ করতেন। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি এবং প্রাচীন রোমান লেখক প্লিনির বিবরণে ভারতীয় রত্নপাথরের বাণিজ্যের উল্লেখ রয়েছে। অকীক পাথর দিয়ে পুঁতি, মালা, আংটি, আংটির মোহর, অলংকারের পাথর, পেয়ালা, বাটি, ছোট পাত্র, ছুরির বাঁট, তরবারির হাতল, বোতাম, কাগজ কাটার ছুরি, শৌখিন বাক্স ও নানা ধরনের গৃহসজ্জার সামগ্রী তৈরি করা হ’ত। প্রাচীনকালে এগুলোর কিছু সামগ্রী বিদেশে রপ্তানি করা হ’ত। গ্রিক ও রোমান বাজারে ভারতীয় কর্নেলিয়ান ও অকীকের পুঁতি এবং পাথরনির্মিত পাত্রের বিশেষ চাহিদা ছিল। রোমান সম্রাট নিরোর একটি মূল্যবান পাথরের পেয়ালা কেনার কাহিনিও পুরোনো বিবরণে পাওয়া যায়। ১৯৬৪ সালে প্রকাশিত Census of India: Agate Industry of Cambay গ্রন্থে উল্লেখ করা হয়েছে, নিরো একটি মুররাইন পাত্রের জন্য ৫৮,১২৫ পাউন্ড বা তৎকালীন হিসাবে প্রায় ছয় লাখ টাকা দিয়েছিলেন বলে কথিত আছে। তবে রোমানদের ব্যবহৃত মুররাইন পাত্রের উপাদান ও প্রকৃতি নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে; তাই সেটিকে নিশ্চিতভাবে অকীক পাথরের তৈরি পেয়ালা বলা যায় না। মধ্যযুগ ও ঔপনিবেশিক আমলেও কাম্বে বা খাম্বাতের অকীকশিল্প প্রসিদ্ধ ছিল। ১৭শ শতকে আবিসিনীয় বণিক বাবা ঘোর রাজপিপলার নিকট লিমোদ্রায় অকীক প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেছিলেন বলে গুজরাটের ঐতিহ্যবিষয়ক বিবরণে উল্লেখ রয়েছে। ইউরোপীয় পর্যটক ও বণিকদের বিবরণেও কাম্বেতে অকীক পাথরের পেয়ালা, ছোট থালা, বাটি, আংটি, মোহর, ছুরির হাতল ও অলংকার তৈরির কথা পাওয়া যায়। ব্রিটিশ শাসনামলে ভারতীয় অকীকজাত সামগ্রী চীন, আরব, কাবুল ও ইউরোপের বাজারে রপ্তানি হ’ত। পুরোনো বিবরণে এক ডজন বোতামের দাম ছয় টাকা এবং একটি কাগজ কাটার ছুরির দাম দেড় টাকা বলা হয়েছে। এগুলো তৎকালীন বাজারদরের ঐতিহাসিক তথ্য; বর্তমান মূল্যের সঙ্গে তুলনীয় নয়। বর্তমানেও গুজরাটের খাম্বাত ভারতের অকীকশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র এবং আন্তর্জাতিকভাবে পরিচিত পাথর-কারুশিল্পের অঞ্চল। এখানকার কারিগরেরা স্থানীয় ও অন্যান্য অঞ্চল থেকে সংগৃহীত অকীক পাথর কেটে, ঘষে, ছিদ্র করে ও পালিশ করে পুঁতি, মালা, অলংকার, ব্রেসলেট, আংটি, শৌখিন সামগ্রী এবং বিভিন্ন ব্যবহার্য দ্রব্য তৈরি করেন। খাম্বাতের পুঁতি ও অলংকার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে রপ্তানি হয়; আন্তর্জাতিক ক্রেতাদের কাছেও এখানকার পাথরনির্মিত দ্রব্যের চাহিদা রয়েছে। ১৯৯৪ সালে প্রকাশিত নৃতাত্ত্বিক-প্রত্নতাত্ত্বিক গবেষণায় খাম্বাতকে বিশ্বের অন্যতম বৃহৎ পাথরের পুঁতি নির্মাণকেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০২৫ সালের ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্যেও খাম্বাতের অকীকশিল্পকে জীবন্ত ঐতিহ্যবাহী কারুশিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে; এ শিল্পের সঙ্গে বহু কারিগর পরিবারের জীবিকা জড়িত। ভারতে অকীক খনিজের উৎপাদনসংক্রান্ত তথ্যের একটি সীমাবদ্ধতা রয়েছে। ২০১৫ সালে ভারত সরকার অকীককে অপ্রধান খনিজের (Minor Mineral) তালিকাভুক্ত করে; ফলে এর উৎপাদন ও খননসংক্রান্ত তথ্য মূলত সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর অধীনে নথিভুক্ত হয়। ভারতীয় খনিজ ব্যুরোর ২০২২ সালের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যভিত্তিক তথ্য সংগ্রহের চেষ্টা করা হলেও সব রাজ্যের পূর্ণাঙ্গ উৎপাদন-তথ্য পাওয়া যায়নি। অতএব, বর্তমানে ভারতে ঠিক কত পরিমাণ অকীক উত্তোলিত হয়, তার নির্ভুল সর্বভারতীয় পরিসংখ্যান সহজলভ্য নয়। অকীক অত্যন্ত সুন্দর ও নকশাবহুল হলেও সব ধরনের অকীক সমান মূল্যবান নয়। এর মূল্য নির্ভর করে রং, স্বচ্ছতা, স্তরবিন্যাস, প্রাকৃতিক নকশা, আকার, বিরলতা এবং কাটাই-পালিশের মানের ওপর। সাধারণ অকীক তুলনামূলক সুলভ; তবে বিরল রঙের, স্বতন্ত্র নকশাযুক্ত ও উৎকৃষ্টভাবে প্রক্রিয়াজাত নমুনা যথেষ্ট মূল্যবান হতে পারে। অলংকার ও সংগ্রহযোগ্য পাথর ছাড়াও বর্তমানে শৌখিন দ্রব্য, স্থাপত্যসজ্জা এবং বিভিন্ন হস্তশিল্পে এর ব্যবহার রয়েছে।
- অকীর্তি– বিশেষ্য, কীর্তিবিরোধী; অখ্যাতি; অযশ; নিন্দা; দুর্নাম; অপকীর্তি; অপবাদ; বদনাম। প্রয়োগ: বিশেষ্য, ১ অযশ – স্বধর্ম্ম ও কীর্ত্তি ত্যাগ করায় পাপ প্রাপ্ত হইবে, পরন্তু লোকে তোমার অক্ষয় অকীর্ত্তি ঘোষণা করিবে; মানী ব্যক্তির অকীর্ত্তি মরণ অপেক্ষাও অধিক হয়। – গীতা (আর্য্যমিশন)। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + √কৄ + ক্তিন্। স্ত্রীলিঙ্গ। নঞ্ তৎপুরুষ সমাস।
- অকীর্তিকর– বিশেষণ, অযশস্বর; অখ্যাতিকর; অখ্যাতিজনক; নিন্দাজনক। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কৄ + ক্তিন্ + কর।
- অকীর্তিত– বিশেষণ, অপ্রচারিত, অঘোষিত। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কৄ + ক্তিন্ + ত।
- অকীর্তিমান– বিশেষণ, ১ অখ্যাত; অপ্রসিদ্ধ; অযশস্বী; নিন্দিত; ২ অজ্ঞাত কুলশীল। ৩ [স্ত্রীলিঙ্গ] অকীর্তিমতী। ব্যুৎপত্তি: সংস্কৃত নঞ্ + কীর্তি + মতুপ্; নঞ্ তৎপুরুষ সমাস।
- অকু– বিশেষ্য, ১ ঘটনা; দুর্ঘটনা; দুর্দৈব। ২ চুরি; ডাকাতি; দাঙ্গা; মারপিট প্রভৃতি অপরাধমূলক ঘটনা। ৩ কুস্থান; ঘটনাস্থল; কোনো ঘটনা সংঘটিত হওয়ার স্থান (Scene of occurrence)। ব্যুৎপত্তি: আরবি ওকূ‘ (وقوع)।
- অকুআৎ– বিশেষ্য, ১ দুষ্ক্রিয়াসমূহ; অপরাধসমূহ; অপকর্মসমূহ (Misdeeds)। ২ ঘটনা বা ঘটনাবলি; বিশেষত খুন, মারপিট, চুরি, ডাকাতি প্রভৃতি অপরাধমূলক ঘটনা (Occurrences; Incidents)। ৩ ঘটনাবলি-সংক্রান্ত বিবরণ; কাহিনি; গল্প; বৃত্তান্ত; লোককথা (Narratives; Stories; Tales)। ব্যুৎপত্তি: আরবি ওয়াকিআ‘ (واقعة)-এর বহুবচন ওয়াকায়ি‘ (وقائع)।
- অকুটিল– বিশেষণ, অবক্র; সরল; কুটিলতা শূন্য; খলতাহীন। বিশেষ্য: অকুটিলতা। ব্যুৎপত্তি: সংস্কৃত ন = অ + কুটিল।
- অকুণ্ঠ– বিশেষণ, ১ কুণ্ঠভিন্ন; তীক্ষ্ণ; ধারাল; অসঙ্কুচিত; যা নমিত হয় না; নির্ভীক। ২ প্রতিভাযুক্ত; কার্যদক্ষ; প্রতিভাযুক্ত। ৩ অক্ষুব্ধ; প্রতিবন্ধশূন্য। ৪ স্থির; অচল। ৫ নিত্য; সনাতন। প্রয়োগ: বিশেষণ, ১ অকুণ্ঠ সমর্থন; অকুণ্ঠচিত্তে স্বীকার; অকুণ্ঠ প্রশংসা। ২ তীক্ষ্ণ – পরশুরাম অকুণ্ঠধার কুঠার দ্বারা পৃথিবীকে ২১ বার নিক্ষত্রিয় করিয়াছিলেন। ব্যুৎপত্তি: সংস্কৃত অ + কুণ্ঠ; নঞ্ তৎপুরুষ সমাস। সংস্কৃত ‘ন’ (নঞ্) + ‘কুণ্ঠ’ = অকুণ্ঠ। ‘কুণ্ঠ’ অর্থ সংকোচ, দ্বিধা বা বাধা; ‘অ’ নিষেধার্থক উপসর্গ। অতএব, অকুণ্ঠ অর্থ কুণ্ঠাহীন বা দ্বিধামুক্ত।
- অকুণ্ঠচিত্তে– ক্রিয়া-বিশেষণ, কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কুণ্ঠ + চিত্ত + এ।
- অকুণ্ঠমনে– ক্রিয়া-বিশেষণ, কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কুণ্ঠ + মন + এ।
- অকুণ্ঠহৃদয়ে– ক্রিয়া-বিশেষণ, কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কুণ্ঠ + হৃদয় + এ।
- অকুণ্ঠিত– বিশেষণ, ১ অপ্রতিহত; অব্যাহত; অপ্রতিবন্ধ; অসংকুচিত, সংকোচ বা কুণ্ঠা নেই এমন, কুণ্ঠাহীন; অকুণ্ঠ। ২ স্পষ্ট; স্ফুট। ৩ অকাতর (অকুণ্ঠিত স্বীকারোক্তি, তিনি দানে অকুণ্ঠ)। ৪ (বাংলায়) অসঙ্কুচিত; অলজ্জিত; সর্বত্র প্রসরণশীল; অপ্রতিহত। ৫ অক্ষুব্ধ; অবিষণ্ণ। ৬ অক্ষুণ্ণ; অখণ্ডিত; পরিপলিত। প্রয়োগ: বিশেষণ, ১ অক্ষুণ্ণ – যত অধিকার, সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে, অকুণ্ঠিত রাখি তারে বিপদে। – সঙ্কল্প ও স্বদেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কুণ্ঠিত।
- অকুণ্ডল– বিশেষ্য, কুণ্ডলহীন; কুমারী। প্রয়োগ: বিশেষ্য, ১ কুমারী – অকুণ্ডল নারী হএয়া পুরুষ বাছিবে। – গোপীচন্দ্র। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কুণ্ডল।
- অকুতোভয়– যার কিছুতে ভয় নেই। বিশেষণ, যার কিছুতেই ভয় নেই; নির্ভয়; নির্ভীক; পুরোপুরি শঙ্কাহীন; নাস্তি কুতোপি ভয়ং যস্য। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কুতঃ + ভয়; ন + কিম্ + তসিল্ + ভয়।
- অকুতোভয়তা– বিশেষ্য, নির্ভীকতা; শঙ্কাহীনতা; বিপদ বা আশঙ্কার প্রতি ভয়শূন্য মানসিক অবস্থা; সাহসিকতা। প্রয়োগ: বিশেষ্য, ১ নির্ভীক – বিপদের মুখেও তার অকুতোভয়তা প্রশংসনীয়। ব্যুৎপত্তি: সংস্কৃত অ + কুতঃ + ভয় + তা। টীকা: সংস্কৃত ‘অকুতোভয়’ + ‘তা’ প্রত্যয়। ‘কুতঃ’ অর্থ কোথা থেকে বা কোন দিক থেকে; ‘ভয়’ অর্থ আশঙ্কা। ‘অকুতোভয়’ অর্থ যাঁর কোন দিক থেকেই ভয় নেই। ‘তা’ প্রত্যয় যুক্ত হয়ে ‘অকুতোভয়তা’—নির্ভীক হওয়ার ভাব বা গুণ।
- অকুতোভয়ে– ক্রিয়া-বিশেষণ, নির্ভয়ে; নিঃশঙ্কচিত্তে; সাহসিকতার সঙ্গে; কোনো প্রকার ভয় বা আশঙ্কা না করে। প্রয়োগ: ক্রিয়া-বিশেষণ, ১ নিঃশঙ্কচিত্তে – তিনি অকুতোভয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। ব্যুৎপত্তি: সংস্কৃত অকুতোভয় + এ। ‘অকুতোভয়’ শব্দের সঙ্গে সপ্তমী বিভক্তির ‘এ’ যুক্ত হয়ে ‘অকুতোভয়ে’ গঠিত হয়েছে। এটি ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
- অকুতোমৃত্যু– বিশেষণ, ১ মৃত্যুভয়হীন; যার কোন কিছুতেই মৃত্যুর ভয় নেই। ২ মৃত্যুকে তুচ্ছজ্ঞানকারী; প্রাণের মায়া ত্যাগ করে কর্তব্য, আদর্শ বা লক্ষ্যের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত। ৩ সর্বাবস্থায় ও সর্বত্র মৃত্যুভয়মুক্ত; বিপদ, যুদ্ধ, সংঘর্ষ বা প্রাণনাশের আশঙ্কায় অবিচল। ৪ নির্ভীক; অকুতোভয়; মৃত্যুর আশঙ্কায় যার সাহস ও সংকল্প বিচলিত হয় না। ৫ আত্মোৎসর্গে প্রস্তুত; প্রাণের পরোয়া না করে বিপদের সম্মুখীন হয় এমন। প্রয়োগ: বিশেষণ, ১ অকুতোমৃত্যু সৈনিকটি শত্রুর গোলাবর্ষণের মধ্যেও সম্মুখযুদ্ধে এগিয়ে গেলেন। ২ দেশের স্বাধীনতার জন্য অকুতোমৃত্যু বিপ্লবীরা প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। ৩ মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে অকুতোমৃত্যু মানুষটি বিপন্নদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেন। সমার্থক: অকুতোভয়; নির্ভীক; নির্ভয়; মৃত্যুভয়হীন; শঙ্কাহীন; নিরুদ্বিগ্ন; দুঃসাহসী; প্রাণভয়হীন; মৃত্যুঞ্জয়ী (ভাবার্থে); আত্মোৎসর্গী; বেপরোয়া (প্রসঙ্গবিশেষে)। বিপরীতার্থক: মৃত্যুভীরু; মৃত্যুভীত; প্রাণভীরু; ভীরু; ভীতু; ভয়কাতর; ভীতসন্ত্রস্ত; কাপুরুষ; প্রাণভয়ে সন্ত্রস্ত। ব্যুৎপত্তি: সংস্কৃত অকুতো + মৃত্যু। অর্থের সূক্ষ্ম পার্থক্য: ‘অকুতোভয়’ সাধারণভাবে সর্বপ্রকার ভয় বা আশঙ্কাহীন ব্যক্তিকে বোঝায়; ‘অকুতোমৃত্যু’ বিশেষভাবে মৃত্যুভয়হীন ব্যক্তিকে নির্দেশ করে। আর ‘বেপরোয়া’ শব্দে কখনও অবিবেচনা বা ঝুঁকিপূর্ণ আচরণের ভাব থাকে, তাই এটি সর্বক্ষেত্রে যথার্থ সমার্থক নয়।
- অকুব– বিশেষ্য, ১ জ্ঞান; বোধ; বুদ্ধি; বিবেচনা; প্রজ্ঞা; অভিজ্ঞতা; দক্ষতা। ২ জ্ঞান; অবগতি; সচেতনতা; কোন বিষয়ে অবহিত থাকা।। বিশেষণ, আক্কেলসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বুদ্ধিমান; বুদ্ধি-বিবেচনাযুক্ত; বিচক্ষণ; সুবিবেচক। ব্যুৎপত্তি: আরবি وَقُوف (ওয়াকূফ) > ফারসি وُقُوف (উকূফ) > বাংলা অকুব। এর সঙ্গে ফারসি বে (بے) উপসর্গ যুক্ত হয়ে বে-ওয়াকূফ বা বেওয়াকূফ শব্দের সৃষ্টি; অর্থ—যার বুদ্ধি বা কাণ্ডজ্ঞান নেই। বিবর্তন: আরবি وَقُوف (উকূফ) শব্দটি وَقَفَ (ওয়াকাফা) ধাতুর মাসদার। ধাতুটির মূল অর্থ দাঁড়ানো; থামা; স্থির হওয়া; অবস্থান করা। এর সঙ্গে কোন বিষয়ে মনোযোগ দিয়ে অবগত হওয়া বা বুঝে ওঠার ভাবও যুক্ত হয়েছে। আরবি থেকে ফারসি-উর্দু ব্যবহারে শব্দটি জ্ঞান, উপলব্ধি, বোধ ও অভিজ্ঞতার অর্থ গ্রহণ করেছে।
- অকুল– বিশেষ্য, ১ মর্যাদাহীন বা হীনবংশ; যে বংশকে প্রচলিত সামাজিক বংশমর্যাদার বিচারে নিকৃষ্ট বলে গণ্য করা হতো। ২ অঘর; এমন বংশ বা পরিবার, যার সঙ্গে তৎকালীন বর্ণাশ্রম ও কৌলীন্যপ্রথানির্ভর সমাজে উচ্চবংশীয়দের বিবাহসহ সামাজিক সম্পর্ক স্থাপন অগ্রহণযোগ্য বলে বিবেচিত হতো। ৩ অকুলীন বংশ; সামাজিকভাবে অবজ্ঞাত বা বৈবাহিক সম্পর্কের অনুপযুক্ত বলে চিহ্নিত বংশ। পদান্তর: অকুল: বিশেষ্য—মর্যাদাহীন বা অকুলীন বংশ। অকুলীন: বিশেষণ—কুলীন বংশজাত নয় এমন; বংশমর্যাদাহীন। কুলীন: বিশেষণ—উচ্চবংশজাত; অভিজাত বা সম্ভ্রান্ত বংশের। সমার্থক: অকুলীন; হীনবংশ; নীচবংশ; অঘর; বংশমর্যাদাহীন বংশ; অবংশ (প্রসঙ্গবিশেষে)। বিপরীতার্থক: কুলীন; উচ্চবংশ; অভিজাত; সম্ভ্রান্ত; সৎকুল; সদ্বংশ। ব্যুৎপত্তি: সংস্কৃত অ (নঞ্) + কুল; বহুব্রীহি সমাস। ‘অ’ (নঞর্থক উপসর্গ) + ‘কুল’ (বংশ, পরিবার, বংশমর্যাদা) = অকুল। অর্থাৎ, যে বংশের কুলমর্যাদা নেই বা যে বংশকে কুলীন বলে গণ্য করা হয় না। এটি নঞর্থক বহুব্রীহি সমাস হিসেবে বিশ্লেষণযোগ্য। বিবর্তন: ‘অকুল’ শব্দটির অর্থ ঐতিহাসিক কৌলীন্যপ্রথা ও বংশমর্যাদাভিত্তিক সামাজিক শ্রেণিবিভাগের সঙ্গে সম্পর্কিত। এখানে ‘নীচবংশ’ বা ‘অঘর’ কোন বংশের প্রকৃত মানবিক মূল্য নির্দেশ করে না; এগুলো অতীতের সমাজে প্রচলিত মর্যাদাভিত্তিক শ্রেণিনির্দেশক শব্দ।
- অকুলন– বিশেষ্য, অভাব; অনটন; টানাটানি; অপ্রতুলতা; প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা; কোন পরিমাণ বা সামর্থ্যে না কুলানোর অবস্থা। প্রয়োগ: বিশেষ্য, ১ অভাব – সংসারে এখন বেশ অকুলন চলছে। ব্যুৎপত্তি: সংস্কৃত নঞ্ + বাংলা √কুল্ + অন।
- অকুলান– বিশেষ্য, অভাব; অনটন; টানাটানি; না কুলানো; প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত অর্থ, সামগ্রী বা সামর্থ্যের অভাব। প্রয়োগ: বিশেষ্য, ১ টানাটানি – আশা করি, এই টাকায় চলে যাবে, অকুলান হবে না। ব্যুৎপত্তি: সংস্কৃত নঞ্ + বাংলা √কুল্ + আন।
- অকুলীন– বিশেষণ, ১ কুলীন বংশে জন্মগ্রহণ করেনি এমন; কুলীন বংশজাত নয় এমন; প্রচলিত সামাজিক বংশমর্যাদার বিচারে অনভিজাত বংশের। ২ বংশমর্যাদাহীন; হীনবংশজাত; যে বংশকে প্রথাগত কৌলীন্য বা অভিজাত বংশমর্যাদার স্বীকৃতি দেওয়া হতো না। ৩ কৌলীন্যপ্রথানির্ভর সমাজে বিবাহ ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কুলীনদের সমপর্যায়ের বলে স্বীকৃত নয় এমন বংশজাত। প্রয়োগ: বিশেষণ, ১ কুলীন বংশজাত নয় এমন – তিনি কুলীন বংশের সন্তান নন; সমাজের প্রচলিত ধারণায় তাঁকে অকুলীন বলা হতো। ২ প্রথাগত কৌলীন্যের স্বীকৃতিহীন – তৎকালীন সমাজে অকুলীন বংশের সঙ্গে কুলীন পরিবারের বৈবাহিক সম্পর্ক স্থাপন সহজ ছিল না। ৩ বংশমর্যাদাহীন – কৌলীন্যপ্রথার কারণে অকুলীন পরিবারের ছেলেমেয়েদের বিবাহে নানা সামাজিক বাধার সম্মুখীন হতে হতো। সমার্থক: অকুল; হীনবংশজাত; বংশমর্যাদাহীন; অকুলজাত; অনভিজাত। বিপরীতার্থক: কুলীন; অভিজাত; উচ্চবংশজাত; সম্ভ্রান্ত; সদ্বংশজাত। ব্যুৎপত্তি: সংস্কৃত ‘ন’ (নঞ্) + ‘কুলীন’ = ‘অকুলীন’। ‘কুলীন’ শব্দের অর্থ অভিজাত বংশজাত, সম্ভ্রান্ত বা উচ্চবংশীয়। এর পূর্বে নঞর্থক ‘ন’ যুক্ত হয়ে ‘অকুলীন’ শব্দের সৃষ্টি হয়েছে। অর্থাৎ, যে কুলীন নয় বা কুলীন বংশে জন্মগ্রহণ করেনি। এটি নঞ্ তৎপুরুষ সমাস।
- অকুশল– বিশেষ্য, ১ অমঙ্গল; অকল্যাণ; অনিষ্ট; অশুভ অবস্থা বা পরিণতি। ২ ক্ষতিকর বা অনিষ্টকর বিষয়; দুর্ভাগ্য; অশুভ ঘটনা। ৩ বৌদ্ধ দর্শনে পাপ, অশুভ বা অনৈতিক কর্ম; যে কর্ম দুঃখ ও অকল্যাণের কারণ হয়।। বিশেষণ, ১ অপটু; অনভিজ্ঞ; দক্ষতাহীন; কোনো কাজ যথাযথভাবে সম্পাদনে অক্ষম। ২ কুশল বা দক্ষ নয় এমন; কাজকর্মে অনভ্যস্ত; পারদর্শিতার অভাব রয়েছে এমন। ৩ অমঙ্গলজনক; অকল্যাণকর; অনিষ্টকর; অশুভ। প্রয়োগ: বিশেষ্য, ১ অকল্যাণ – অন্যের ক্ষতি করে নিজের কুশল কামনা করা যায় না; তাতে শেষ পর্যন্ত অকুশলই হয়। ২ অনিষ্ট – অন্যের ক্ষতি করে নিজের কুশল কামনা করা যায় না; তাতে শেষ পর্যন্ত অকুশলই হয়। ৩ অমঙ্গল – তার এই সিদ্ধান্তে পরিবারের অকুশল ঘটতে পারে। ৪ পাপ বা অশুভ কর্ম (বৌদ্ধ দর্শন) – বৌদ্ধ নীতিশাস্ত্রে লোভ, দ্বেষ ও মোহপ্রসূত কর্মকে অকুশল বলা হয়।। বিশেষণ, ১ অদক্ষ – তিনি চিকিৎসাবিদ্যায় অকুশল হওয়ায় জটিল অস্ত্রোপচারের দায়িত্ব পাননি। ২ অপটু – লোকটি কাজে অকুশল; তাই তাকে দিয়ে সূক্ষ্ম কারিগরি কাজ করানো যায় না। ৩ অমঙ্গলজনক – জ্যোতিষীর মতে, দিনটি ওই বিশেষ কাজের জন্য অকুশল। সমার্থক: অমঙ্গল; অকল্যাণ; অনিষ্ট; অশুভ; অপটু; অদক্ষ; অনভিজ্ঞ; অনিপুণ; অদক্ষতাপূর্ণ। বিপরীতার্থক: কুশল; মঙ্গল; কল্যাণ; শুভ; দক্ষ; নিপুণ; পারদর্শী; অভিজ্ঞ। ব্যুৎপত্তি: সংস্কৃত ‘ন’ (নঞ্) + ‘কুশল’ = ‘অকুশল’। ‘কুশল’ শব্দের অর্থ মঙ্গল, কল্যাণ, দক্ষতা, পারদর্শিতা বা নিপুণতা। এর পূর্বে নঞর্থক ‘ন’ যুক্ত হয়ে ‘অকুশল’ শব্দের সৃষ্টি হয়েছে। অর্থাৎ, যা কুশল নয়—তা অমঙ্গল বা অকল্যাণ; আর যে ব্যক্তি কুশল নয়, সে অপটু বা অদক্ষ। এটি নঞ্ তৎপুরুষ সমাস।
- অকুস্থল– বিশেষ্য, ঘটনাস্থল; কোন ঘটনা সংঘটিত হওয়ার স্থান; বিশেষত দুর্ঘটনা, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে ঘটেছে সেই স্থান। প্রয়োগ: বিশেষ্য, ১ ঘটনাস্থল – খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ অকুস্থলে এসে হাজির হলো। ব্যুৎপত্তি: আরবি ওকূ‘ (وقوع) + সংস্কৃত স্থল।
- অকুস্থান– বিশেষ্য, ঘটনাস্থল; দুর্ঘটনাস্থল; অপরাধ সংঘটনের স্থান; যেখানে কোনো দুর্ঘটনা, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রয়োগ: ১ ঘটনাস্থল – দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত অকুস্থানে পৌঁছালেন। ব্যুৎপত্তি: আরবি ওকূ‘ (وقوع) + সংস্কৃত স্থান।
- অকূপার– বিশেষ্য, ১ সমুদ্র; সাগর; মহাপারাবার; যে জলরাশির অপর পারে স্থলভাগ বা পৃথিবী নেই; যার বিস্তারের সীমা সহজে অতিক্রম করা যায় না। ২ কূর্ম; কচ্ছপ; কচ্ছপরাজ; বিশেষত পৌরাণিক কূর্মরাজ বা বৃহৎ কচ্ছপ। ৩ পর্বত। ৪ সূর্য। প্রয়োগ: বিশেষ্য, ১ কূর্ম; কচ্ছপ – ইন্দ্রদ্যুম্ন কচ্ছপ পেচক অকূপার। – দুর্গাপঞ্চরাত্রি, কাশীবিলাল বন্দ্যোপাধ্যায়। ২ সমুদ্র – তদাত্মজ গদাধর গুণে অকুপার। – শ্রীকৃষ্ণকীর্তন। সমার্থক: সমুদ্র; সাগর; সিন্ধু; জলধি; অর্ণব; বারিধি; মহাপারাবার; কূর্ম; কচ্ছপ; কচ্ছপরাজ। ব্যুৎপত্তি: সংস্কৃত নঞ্ + কূ + পার; নঞ্ তৎপুরুষ সমাস। ব্যুৎপত্তি ও ব্যাখ্যা: সংস্কৃত ‘অকূপার’ শব্দের একাধিক ব্যুৎপত্তি প্রচলিত। একটি ব্যাখ্যায়, ‘ন’ (নঞ্) + ‘কূপ’ + √ঋ (গমন করা) + ‘অণ্’ প্রত্যয়—‘ন কূপং ঋচ্ছতি’ অর্থাৎ যে কূপে বা গহ্বরে প্রবেশ করে না; এই ব্যাখ্যায় কচ্ছপ অর্থটি নির্দেশিত। অন্য ব্যাখ্যায়, ‘ন’ + ‘কু’ (ভূখণ্ড বা পৃথিবী) + ‘পার’—অর্থাৎ যার অপর পারে স্থলভাগ নেই; এই ব্যাখ্যায় সমুদ্র অর্থটি প্রকাশিত। ‘কু’ শব্দের দীর্ঘ উচ্চারণে ‘কূ’ এবং ‘পার’ যুক্ত হয়ে ‘অকূপার’ রূপের ব্যাখ্যাও দেওয়া হয়। ‘কুৎসিত’ বা ‘অল্প’ + ‘পার’ অর্থে যার পার অল্প নয়—এমন ব্যাখ্যাও প্রচলিত।
- অকূপ্যা– বিশেষ্য, ১ [স্ত্রীলিঙ্গ] যা কুপ্য নয়; কূপ্যা নয় এমন; কূপ বা গর্তের সঙ্গে সম্পর্কহীন; যা কূপে পাওয়া যায় না। ২ সোনা; রূপা। ব্যুৎপত্তি: সংস্কৃত ন + কুপ্য + আ; নঞ্ তৎপুরুষ সমাস। টীকা: অকুপ্য (ক্লীবলিঙ্গ) ন-কুপ্য, নঞ্-তৎপুরুষ সমাস। স্বর্ণ; রৌপ্য। ন-গুপ-ক্যপ্। পাণিনির সূত্র মতে, “রাজসূয় সূর্য্যামৃষোদ্য রূপ্য কুপ্য কৃষ্টপচ্যা-ব্যাথাঃ।” (৩.১.১১৪)। ভট্টোজীদীক্ষিতের ব্যাখ্যায়— এতে সপ্তক্যবন্তা নিপাত্যন্তে। গুপেরাদেঃ কুত্ত্বঞ্চ সংজ্ঞায়াম্। সুবর্ণরজতভিন্নং ধনং কুপ্যম্। গোপ্যমন্যৎ।” অর্থাৎ রাজসূয়, সূর্য, মৃষোদ্য, রূপ্য, কুপ্য, কৃষ্টপচ্যা এবং ব্যাথা— এই সাতটি শব্দ ‘ক্যপ্’ প্রত্যয়ান্ত হিসেবে নিপাতনে সিদ্ধ হয়েছে। সংজ্ঞা বোঝাতে ‘গুপ্’ ধাতুর আদ্যাক্ষরের (গ-এর) ‘ক’-ত্ব (ক-এ পরিবর্তন) হয়। সুবর্ণ ও রজত (সোনা ও রূপা) থেকে ভিন্ন ধনকে ‘কুপ্য’ বলা হয়। অন্যটি (অর্থাৎ অন্য ক্ষেত্রে) ‘গোপ্য’ হয়।
- অকূলতারণ– বিশেষ্য, ১ বিপদে উদ্ধারকর্তা; ঘোর সংকট থেকে রক্ষাকারী; বিপন্ন ব্যক্তিকে বিপদমুক্ত করেন যিনি। ২ দুঃসময়ে আশ্রয়দাতা; অসহায় ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করার সহায় বা অবলম্বন। প্রয়োগ: বিশেষ্য, ১ উদ্ধারকর্তা – বিপদের দিনে বন্ধুটিই আমার অকূলতারণ হয়ে দাঁড়িয়েছিল। ২ সহায় – অসহায় মানুষের কাছে তিনি ছিলেন অকূলতারণ। সমার্থক: উদ্ধারকর্তা; ত্রাণকর্তা; পরিত্রাতা; রক্ষাকর্তা; বিপদমোচনকারী; আশ্রয়দাতা। ব্যুৎপত্তি: সংস্কৃত অকূল + √তৃ (উদ্ধার করা) + অন।
- অকূলদরিয়া– বিশেষ্য, ১ অসীম সমুদ্র; যার কূল বা তীর দেখা যায় না; সীমাহীন জলরাশি; মহাসমুদ্র; মহাসিন্ধু। ২ কঠিন বিপদ; ঘোর সংকট; দুরতিক্রম্য দুরবস্থা; এমন জটিল পরিস্থিতি, যেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া কঠিন। ৩ সীমাহীন দুঃখ-দুর্দশা; বিপদ-আপদে পরিপূর্ণ অবস্থা; নিদারুণ দুর্ভোগ। প্রয়োগ: বিশেষ্য, ১ অসীম সমুদ্র – জাহাজটি উত্তাল অকূলদরিয়ায় পথ হারিয়ে ফেলেছিল। ২ কঠিন বিপদ – ঋণের বোঝা আর পারিবারিক সমস্যায় পড়ে লোকটি অকূলপাথারে পড়েছে। ৩ ঘোর সংকট – উপযুক্ত সহায়তা না পেলে প্রতিষ্ঠানটি অকূলপাথারে পড়বে। সমার্থক: অকূলপাথার; মহাসমুদ্র; মহাসিন্ধু; অর্ণব; অথৈ জলরাশি; ঘোর বিপদ; মহাসংকট; দুরবস্থা; বিপর্যয়; দুর্দশা। ব্যুৎপত্তি: সংস্কৃত অকূল + ফারসি দরিয়া।
- অকূলপাথার– বিশেষ্য, ১ অসীম সমুদ্র; যার কূল বা তীর দেখা যায় না; সীমাহীন জলরাশি; মহাসমুদ্র; মহাসিন্ধু। ২ কঠিন বিপদ; ঘোর সংকট; দুরতিক্রম্য দুরবস্থা; এমন জটিল পরিস্থিতি, যেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া কঠিন। ৩ সীমাহীন দুঃখ-দুর্দশা; বিপদ-আপদে পরিপূর্ণ অবস্থা; নিদারুণ দুর্ভোগ। সমার্থক: অকূলদরিয়া; মহাসমুদ্র; মহাসিন্ধু; অর্ণব; অথৈ জলরাশি; ঘোর বিপদ; মহাসংকট; দুরবস্থা; বিপর্যয়; দুর্দশা। প্রয়োগ: বিশেষ্য, ১ অসীম সমুদ্র – জাহাজটি উত্তাল অকূলদরিয়ায় পথ হারিয়ে ফেলেছিল। ২ কঠিন বিপদ – ঋণের বোঝা আর পারিবারিক সমস্যায় পড়ে লোকটি অকূলপাথারে পড়েছে। ৩ ঘোর সংকট – উপযুক্ত সহায়তা না পেলে প্রতিষ্ঠানটি অকূলপাথারে পড়বে। ব্যুৎপত্তি: সংস্কৃত, অকূল + বাংলা, পাথার।
- অকূলের কূল– উদ্ধারকর্তা; ত্রাণকর্তা; পরিত্রাতা; আশ্রয়স্থল; একমাত্র অবলম্বন; শেষ ভরসা; বিপদের বন্ধু। বিশেষ্য, ১ [বাগধারা] ঘোর বিপদে উদ্ধারকর্তা; সংকটকালে রক্ষাকারী ব্যক্তি। ২ [বাগধারা] বিপন্ন মানুষের আশ্রয় বা অবলম্বন; দুঃসময়ের সহায়। ৩ [বাগধারা] নিরুপায় অবস্থায় ভরসা বা আশ্রয়ের একমাত্র অবলম্বন। প্রয়োগ: ১ একমাত্র অবলম্বন – কঠিন সময়ে মায়ের স্নেহই ছিল তার অকূলের কূল। ২ দুঃসময়ের আশ্রয় – আত্মীয়স্বজন মুখ ফিরিয়ে নিলেও বৃদ্ধাশ্রমটি অসহায় বৃদ্ধার অকূলের কূল হয়েছিল। ৩ বিপদে উদ্ধারকর্তা – দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকেরা দুর্গত মানুষের অকূলের কূল হয়ে দাঁড়িয়েছিলেন।
- অকূলে কূল পাওয়া– বিপদ থেকে উদ্ধার পাওয়া; কূলকিনারা পাওয়া; আশ্রয় পাওয়া; ভরসা পাওয়া; ত্রাণ পাওয়া। ক্রিয়া, ১ [বাগধারা] ঘোর বিপদ বা সংকট থেকে উদ্ধার পাওয়া; বিপদমুক্ত হওয়ার পথ খুঁজে পাওয়া। ২ [বাগধারা] অসহায় অবস্থায় সাহায্য বা আশ্রয় পাওয়া; দুর্দিনে সহায় লাভ করা। ৩ [বাগধারা] নিরুপায় অবস্থায় আশার আলো বা অবলম্বন খুঁজে পাওয়া। প্রয়োগ: ১ আশ্রয় বা অবলম্বন পাওয়া – বিপন্ন মানুষগুলো নতুন আশ্রয়কেন্দ্র পেয়ে অকূলে কূল পেল। ২ বিপদে সাহায্য পাওয়া – দুর্দিনে বন্ধুর সহায়তা পেয়ে পরিবারটি অকূলে কূল পেল। ৩ সংকট থেকে উদ্ধার পাওয়া – দীর্ঘদিনের আইনি জটিলতা থেকে মুক্তি পেয়ে অবশেষে তিনি অকূলে কূল পেলেন।
- অকূলে ডোবা– বিপদে পড়া; সংকটে নিমজ্জিত হওয়া; অথৈ জলে পড়া; দিশাহারা হওয়া; সর্বস্বান্ত হওয়ার উপক্রম হওয়া। ক্রিয়া, ১ [বাগধারা] ঘোর বিপদে পড়া; কঠিন সংকটে নিমজ্জিত হওয়া। ২ [বাগধারা] বিপদে প্রাণ হারানো বা প্রাণ হারানোর উপক্রম হওয়া। ৩ [বাগধারা] এমন দুরবস্থায় পতিত হওয়া, যেখান থেকে উদ্ধার পাওয়া কঠিন। প্রয়োগ: ১ ঘোর বিপদে পড়া – ব্যবসায় লোকসান ও ঋণের চাপে পড়ে তিনি অকূলে ডুবেছেন। ২ দুরবস্থায় পতিত হওয়া – অসংযত ব্যয়ের কারণে পরিবারটি এখন অকূলে ডুবেছে। ৩ প্রাণ হারানোর উপক্রম হওয়া – প্রবল স্রোতে নৌকাটি উল্টে যাওয়ায় যাত্রীরা অকূলে ডুবতে বসেছিল।
- অকূলে ভাসা– দিশাহারা হওয়া; অথৈ জলে ভাসা; কূলকিনারা না পাওয়া; বিপাকে পড়া; দিশেহারা হওয়া। ক্রিয়া, ১ [বাগধারা] বিষম সংকটে পড়া; ঘোর বিপদে দিশাহারা হওয়া। ২ [বাগধারা] অনিশ্চিত ও অসহায় অবস্থায় পতিত হওয়া; নির্দিষ্ট আশ্রয় বা অবলম্বন না থাকা। ৩ [বাগধারা] এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়া, যেখান থেকে উত্তরণের কোনো সহজ পথ দেখা যায় না। প্রয়োগ: ১ অসহায় অবস্থায় পতিত হওয়া – চাকরি হারিয়ে লোকটি এখন অকূলে ভাসছেন। ২ উত্তরণের পথ না পাওয়া – ঋণ ও লোকসানের চাপে প্রতিষ্ঠানটি অকূলে ভাসছে। ৩ বিষম সংকটে দিশাহারা হওয়া – পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তারা অকূলে ভাসছে।
- অক্১– পাণিনির চতুর্দশ মাহেশ্বরসূত্র: (ব্যাকরণ) পাণিনির অষ্টাধ্যায়ী-প্রণীত প্রত্যাহার-পদ্ধতিতে প্রথম ও দ্বিতীয় মাহেশ্বরসূত্রের সাহায্যে গঠিত একটি বর্ণপ্রত্যাহার। এর দ্বারা অ, ই, উ, ঋ ও ঌ—এই পাঁচটি স্বরবর্ণকে নির্দেশ করা হয়। বর্ণগোষ্ঠীকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য প্রাচীন ব্যাকরণে প্রত্যাহার-পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে প্রথম বর্ণ এবং একটি বিশেষ ইত্সংজ্ঞক বর্ণের সাহায্যে একাধিক বর্ণকে একসঙ্গে নির্দেশ করা যায়। পাণিনির স্বরবর্ণসংক্রান্ত প্রথম দুটি মাহেশ্বরসূত্র হলো—‘অইউণ্’ (अइउण्) ও ‘ঋলৃক্’ (ऋलृक्)। এই দুটি সূত্রের সাহায্যে গঠিত ‘অক্’ (अक्) প্রত্যাহারটি পাঁচটি স্বরবর্ণ—অ, ই, উ, ঋ ও ঌ—নির্দেশ করে। অর্থাৎ, ‘অইউণ্’ সূত্র থেকে অ, ই ও উ এবং ‘ঋলৃক্’ সূত্র থেকে ঋ ও ঌ গৃহীত হয়েছে। ইত্সংজ্ঞা অনুসারে, ণ্ (ण्) ও ক্ (क्) বর্ণ দুটি প্রত্যাহারের অন্তর্ভুক্ত হয় না। ফলে ‘অক্’ প্রত্যাহারটি কেবল ওই পাঁচটি স্বরবর্ণকেই নির্দেশ করে। ব্যুৎপত্তি: সংস্কৃত অক্ (अक्)।
- অক্২– সংস্কৃত প্রত্যয়: (ব্যাকরণ) পাণিনির বিধান অনুসারে কয়েকটি কৃৎপ্রত্যয়ের স্থলে ব্যবহৃত বিশেষ প্রত্যয়াদেশ। যেসব প্রত্যয়ের আদিতে বু ইৎ-সংজ্ঞক বর্ণ থাকে, সেগুলোর স্থানে অক্ আদেশ হয়। ‘যুবোরনাকৌ’ (পাণিনি ৭.১.১) সূত্র অনুসারে প্রত্যয়ের যু-স্থানে অন্ এবং বু-স্থানে অক্ হয়। ণ্বুল্, ষ্বুন্, ক্বুন্ ও বুন্ প্রভৃতি প্রত্যয়ের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। যেমন—ণ্বুল্ প্রত্যয়ের স্থলে অক্ আদেশ হয়ে ‘কারক’ শব্দটি গঠিত হয়। ‘ণ্বুল্তৃচৌ’ (পাণিনি ৩.১.১৩৩) সূত্র অনুসারে ধাতুর পরে কর্তৃবাচ্যে ণ্বুল্ ও তৃচ্ প্রত্যয় হয়। ‘শিল্পিনি ষ্বুন্’ (পাণিনি ৩.১.১৪৫) সূত্র অনুসারে শিল্প বা ক্রিয়াকৌশল বোঝালে ধাতুর পরে ষ্বুন্ প্রত্যয় হয়। যেমন—‘নর্তক’। ‘নৃতিখনিরঞ্জিভ্য এব’ সূত্র অনুসারে নৃতি, খনি ও রঞ্জি ধাতুর পরে ষ্বুন্ প্রত্যয় হয়। ‘রঞ্জক’ শব্দে ক্বুন্ প্রত্যয় হয়েছে এবং ন্-কারের লোপ ঘটেছে। ‘রঞ্জেস্তু শিল্পসংজ্ঞয়োরপি ক্বুন্’ সূত্র অনুসারে পতঞ্জলির মতে, শিল্প ও সংজ্ঞা অর্থেও রঞ্জ্ ধাতুর পরে ক্বুন্ প্রত্যয় হয়। এর উদাহরণ ‘সরক’। ‘প্রুসৃস্বঃ সমভিহারে বুন্’ (পাণিনি ৩.১.১৪৯) সূত্র অনুসারে পটুতা বা দক্ষতা বোঝালে প্রু, সৃ ও লু ধাতুর পরে বুন্ প্রত্যয় হয়। কর্তৃবাচ্য অর্থে অক প্রত্যয় দিয়ে গঠিত শব্দের সঙ্গে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় না। ‘তৃজকাভ্যাং কর্তরি’ (পাণিনি ২.২.১৫) সূত্র অনুসারে ‘অন্নস্য পাচকঃ’ (অন্নের পাচক), ‘প্রজানাং পালকঃ’ (প্রজাদের পালক)—এ ধরনের প্রয়োগ হয়; কিন্তু ‘অন্নপাচকঃ’ বা ‘প্রজাপালকঃ’ সমাসবদ্ধ রূপ হয় না। তবে ক্রীড়া বা জীবিকা বোঝালে অক্ প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। ‘নিত্যং ক্রীড়াজীবিকয়োঃ’ (পাণিনি ২.২.১৭) সূত্র অনুসারে ক্রীড়ার ক্ষেত্রে ‘উদ্দালকপুষ্পভঞ্জিকা’, ‘বারণপুষ্পপ্রচায়িকা’ এবং জীবিকার ক্ষেত্রে ‘দন্তলেখকঃ’, ‘নখলেখকঃ’ প্রভৃতি সমাসবদ্ধ শব্দ হয়। অক্ প্রত্যয়ান্ত যাজকাদি শব্দের সঙ্গেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। ‘যাজকাদিবিশ্চ’ (পাণিনি ২.২.১৯) সূত্র অনুসারে ‘ব্রাহ্মণযাজকঃ’ ও ‘দেবপূজকঃ’ প্রভৃতি শব্দ গঠিত হয়। (যাজকাদি দ্রষ্টব্য।) ‘উদ্দালকপুষ্পভঞ্জিকা’ একটি বিশেষ ধরনের ক্রীড়ার নাম। ‘ভঞ্জন’ থেকে ‘ভঞ্জিকা’ শব্দের উৎপত্তি। যে ক্রীড়ায় উদ্দালক ফুল ভাঙা বা ছেঁড়ার কাজ করা হয়, তাকে উদ্দালকপুষ্পভঞ্জিকা বলে। অক্ প্রত্যয়ান্ত শব্দের স্ত্রীলিঙ্গ গঠনের জন্য আপ্ প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়স্থিত ক্-কারের আগের বর্ণে অকার থাকলে তার স্থানে ই-কার হয়। তবে সুপ্ প্রত্যয়ের পরে আপ্ প্রত্যয় যুক্ত হলে এই পরিবর্তন ঘটে না। ‘প্রত্যয়স্থাৎ কাৎ পূর্বস্যাত ইদাপ্যসুপঃ’ (পাণিনি ৭.৩.৪৪) সূত্র অনুসারে ‘কারক’ শব্দের স্ত্রীলিঙ্গ হয় ‘কারিকা’। কারণ, কারক + আ (আপ্) যোগে প্রথমে ‘কারকা’ হয়; পরে ক্-কারের আগের বর্ণ র্-কারের অকার ই-কারে পরিবর্তিত হয়ে ‘কারিকা’ রূপ নেয়। এখানে অকারের স্থানে ই-কার হওয়ার অর্থ হলো, ক্-কারের আগের বর্ণে অকার থাকলেই এই পরিবর্তন ঘটবে; অন্য স্বরবর্ণ থাকলে ঘটবে না। যেমন—‘নৌক’ শব্দের স্ত্রীলিঙ্গ ‘নৌকা’; এখানে ক-কারের আগের ঔ-কারের স্থানে ই-কার হয়নি। আবার, সুপ্ প্রত্যয়ের পরে আপ্ প্রত্যয় যুক্ত হলে এই পরিবর্তন হয় না। যেমন—‘বহুপরিব্রাজকা নগরী’। এ ক্ষেত্রে ‘বহুপরিব্রাজিকা’ হয় না। কারণ, প্রথমে সমাস করার সময় সুপ্ প্রত্যয়ের লোপ হয়েছে, তার পরে স্ত্রীপ্রত্যয় যুক্ত হয়েছে। অর্থাৎ, ‘বহবঃ পরিব্রাজকাঃ বিদ্যন্তে যস্যাং নগর্যাং সা বহুপরিব্রাজকা নগরী’—যে নগরীতে অনেক পরিব্রাজক বাস করেন, সেটি বহুপরিব্রাজকা নগরী। ‘ন যাসয়োঃ’ (পাণিনি ৭.৩.৪৫) সূত্রের ওপর কাত্যায়ন কয়েকটি নিষেধবিধি-সংক্রান্ত বার্তিক রচনা করেছেন। যেমন—‘পাচকাদীনাং ছন্দস্যুপসংখ্যানম্’ অনুসারে বেদে পাচকাদি শব্দের পরে স্ত্রীলিঙ্গে আপ্ প্রত্যয় যুক্ত হলেও তার আগের বর্ণে ই-কার হয় না। যেমন—‘পাচকা হিরণ্যবর্ণা শুচি’; অন্য ক্ষেত্রে ‘পাচিকা’। ‘আশিষি চোপসংখ্যানম্’ অনুসারে আশীর্বাদ বা মঙ্গলকামনার ক্ষেত্রেও ই-কার হয় না। যেমন—‘জীবতাদ্ জীবক’, স্ত্রীলিঙ্গে ‘জীবকা’। ‘উত্তরপদলোপে চোপসংখ্যানম্’ অনুসারে উত্তরপদের লোপ ঘটলেও এই পরিবর্তন হয় না। যেমন—‘দেবদত্তিকা’; উত্তরপদের লোপ হলে ‘দেবকা’। ‘তারকা জ্যোতিষ্যুপসংখ্যানম্’ অনুসারে জ্যোতিষশাস্ত্রে দৃষ্টি বা নক্ষত্র অর্থে ‘তারকা’ শব্দে ই-কার হয় না; অন্য অর্থে ‘তারিকা’ হয়, যেমন—দাসী। ‘বর্ত্তকা শকুনি প্রাচামুপসংখ্যানম্’ অনুসারে প্রাচীন পণ্ডিতদের মতে, পাখি অর্থে ‘বর্ত্তকা’ হয়; অন্য অর্থে ‘বর্ত্তিকা’। ব্যুৎপত্তি: সংস্কৃত অক্ (अक्)।
- অক্৩– (ব্যাকরণ) অক্ [সংস্কৃত अक्] কুটিল গতিতে চলা অর্থে ব্যবহৃত ভৃ-প্রত্যয়ান্ত একটি ধাতুরূপ। ধাতুটি ঘটাদিগণের অন্তর্গত। এর রূপ: লট্—অকতি, লিট্—আক, লুঙ্—আকীৎ। ঘটাদিগণের অন্তর্ভুক্ত ধাতুগুলির পরিচয় এবং এই গণের বিশেষ নিয়ম জানতে ঘট্ ধাতু দ্রষ্টব্য।
- অক্ষর– বিশেষ্য, বর্ণ।
- অগা– বিশেষণ, অজ্ঞ; নির্বোধ; বোকা; মূর্খ (সাধারণত অগা)। ব্যুৎপত্তি: সংস্কৃত অজ্ঞ > অপভ্রংশ > অগা, অঘা।
- অবীরা– পতিপুত্ররূপ বীর নেই যে নারীর।